মহেশখালীতে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ দুজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শুক্রবার সকালে জোনাব আলী ও জালাল আহমেদের পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন ফিরোজ আহমদ ও একজন অজ্ঞাতপরিচয় পথচারী। ফিরোজকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার সদর হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ পথচারীকে চকরিয়া হাসপাতাল থেকে পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল আটটার দিকে জালালের পক্ষের লোকজন জোনাবের পক্ষের লোকজনকে ধাওয়া করে। পরে জোনাবের পক্ষের লোকজন দলবদ্ধ হয়ে পাল্টা হামলা চালায়। এ সময় ওই দুজন গুলিবিদ্ধ হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে কালা খাতুন নামের এক নারী নিহত হন। এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মহেশখালী থানায় একটি হত্যা মামলা হয়েছে। এতে জোনাবসহ ৩৪ জনকে আসামি করা হয়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন, এই দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।