মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষ
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল বুধবার দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আহমদিয়াকাটার ফজিল আহমদ ও তালেব আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে গতকাল সকাল সাড়ে আটটায় দুপক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। স্থানীয় লোকজন আহত তালেব আলী, আইয়ুব আলী, নুরুল আলম, জসিম উদ্দিন, নুর হোসাইন, আনোয়ার হোসাইন, জলিল আহমদ ও মোহাম্মদ হাসানকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহফুজুল হক বলেন, আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশখালী থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, এ নিয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।