মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
কক্সবাজারের মহেশখালী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার মোহাম্মদ বাচ্চু মিয়া ও করিম বকসুর পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, পূর্ববিরোধের জের ধরে সকালে বাচ্চু মিয়ার লোকজন প্রতিপক্ষ করিম বকসুর বাড়িতে হামলা চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।আহত ব্যক্তিদের মধ্যে করিম বকসু (৭৫), লিয়াকত আলী (৩২), মনছুর আলী (২৮), কালা খাতুন (৪৫), মোহাম্মদ বাচ্চু মিয়া (২৩) ও আলাউদ্দিনকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।করিম বকসুর ছেলে আনচারুল করিম অভিযোগ করে বলেন, ‘বাচ্চুর লোকজন আমাদের পক্ষের তিনজনের বাড়ি ও একটি দোকান ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকা লুট করেছে। তাদের হামলায় আমার বৃদ্ধ বাবাসহ সাতজন আহত হয়েছে।’ তিনি জানান, বাচ্চু মিয়াসহ ১০ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।এদিকে বাচ্চু মিয়া পাল্টা অভিযোগ করেন, ‘করিম বকসুর লোকজনই আমার পরিবারের লোকজনের ওপর হামলা চালিয়েছে। এতে দুই নারীসহ আটজন আহত হয়েছে।’মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত কুমার বড়ুয়া বলেন, তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।