মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষে ছয় নারী গুলিবিদ্ধ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালীতে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। গত বৃহস্পতিবার বিকেলের ওই ঘটনায় আহত আরও চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুলিবিদ্ধ ছয় নারীকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন দিলরোবা বেগম (৩০), আমেনা বেগম (২৫), দিলরোবা খানম (২৮), জেসমিন আক্তার (২৫), পারভিন আক্তার (১৫) ও শারমিন আক্তার (১৩)।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার হোয়ানক ইউনিয়ন পরিষদের সদস্য জোনাব আলী ও রমিছ উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সকালে রমিছ পক্ষের এমরান হোসেনকে জোনাব আলীর লোকজন ধরে নিয়ে আসে। তবে এলাকার লোকজন এগিয়ে এলে এমরানকে ছেড়ে দিয়ে জোনাব আলীর লোকজন পালিয়ে যায়। এ ঘটনার জের ধরে ওই দিন বিকেলে রমিছের লোকজন জোনাব আলীর বাড়িতে হামলা চালালে তারাও পাল্টা হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় উভয় পক্ষের নারীরা এগিয়ে এলে গুলিতে ছয় নারী গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হন।ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার এসআই তৌহিদুল আনোয়ার জানান, এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে।