মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জমি নিয়ে বিরোধের জেরে কক্সবাজারের মহেশখালী উপজেলার মুকবেকী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ৩০ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম এমদাদুল হক।পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে এমদাদের ভোগদখলে থাকা জমিতে গত বুধবার জেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আশেক উল্লাহর একদল শ্রমিক চাষ করতে যায়। এ সময় এমদাদ তাদের বাধা দেন। একপর্যায়ে শ্রমিকেরা এমদাদকে দা দিয়ে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এ খবর পেয়ে এমদাদের আত্মীয়স্বজনেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই পক্ষের এ সংঘর্ষ প্রায় এক ঘণ্টা ধরে চলে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ২২ জনকে গ্রেপ্তার করে।বুধবার রাতে এমদাদের শারীরিক অবস্থার অবনতি হলে সদর হাসপাতাল থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে গতকাল সকাল আটটার দিকে তিনি মারা যান।এমদাদের ছেলে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ জাকের হোসেন প্রথম আলোকে বলেন, ‘পৈতৃক সম্পত্তি হিসেবে আমার বাবাসহ ১৬৮ জন অংশীদার ৩৭ একর জমি দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছিলেন। কিন্তু ভুল করে কুতুবদিয়া উপজেলার নছর উল্লাহর নামের এক ব্যক্তির নামে ওই জমির বিএস খতিয়ান করা হয়। এ ভুল সংশোধনের জন্য আদালতে মামলা করা হয়েছে।’আশেক উল্লাহ বলেন, ‘জমির প্রকৃত মালিকদের কাছ থেকে এর অংশবিশেষ তিনি কিনে নিয়েছেন। তাঁর শ্রমিকেরা বুধবার ওই জমি চাষ করতে গেলে তাদের ধরে নিয়ে একটি বাড়িতে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। এ সময় ২০ জন শ্রমিক আহত হয়।’মহেশখালী থানার ওসি মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় বুধবার রাতে শতাধিক ব্যক্তিকে আসামি করে দুই পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে। ২২ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।