কক্সবাজারের মহেশখালী উপজেলার একটি ইউনিয়নে গত বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান পদের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, কুতুবজোম ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই প্রার্থী কবির আহমদ ও মাওলানা শফিউল আলমের সমর্থকেরা নির্বাচনী প্রচারণা চালানোর সময় সংঘর্ষ হয়। মাওলানা শফিউল আলমের সমর্থক রবিউল আলম অভিযোগ করেন, তাঁদের প্রতিপক্ষের প্রার্থী কবির আহমদের লোকজন নয়াপাড়া এলাকায় প্রচারণায় গিয়ে ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করেন। এলাকার লোকজনের সহায়তায় তাঁরা এতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে কবির আহমদের সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালান। রবিউল আলমের দাবি, এতে তাঁদের পক্ষের সাতজন আহত হন। তবে কবির আহমদের ছেলে মোশারফ হোসেন বলেন, তাঁরা কাউকে টাকাপয়সা দেননি। বিনা উসকানিতে শফিউল আলমের লোকজন তাঁদের ওপর হামলা চালিয়েছেন। এতে তাঁদের পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বলেন, এ ঘটনায় উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে। তাঁরা সেসব অভিযোগ তদন্ত করে দেখছেন।