মহেশখালীতে দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ১০ জন গুলিবিদ্ধ
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল মঙ্গলবার দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে দুই ঘণ্টাব্যাপী দফায় দফায় গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দুই সন্ত্রাসী গোষ্ঠী মোহাম্মদ কাসেম ও মোহাম্মদ খলিলের মধ্যে আধিপত্য বিস্তার, চিংড়িঘের দখল-বেদখল ও পাল্টাপাল্টি মামলা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলছিল। ইতিমধ্যে এই পক্ষের মধ্যে বেশ কয়েকবার বন্দুকযুদ্ধের ঘটনায় দুজন নিহত ও শতাধিক লোকজন আহত হয়েছে। তবে অনেক দিন কাসেমের লোকজন আত্মগোপনে ছিল। সম্প্রতি এলাকায় এসে তারা আবারও বেপরোয়া হয়ে সন্ত্রাসী কার্যকলাপ শুরু করে। গত রোববার গভীর রাতে কাসেমের লোকজন প্রতিপক্ষ খলিলের বড় ভাই মোহাম্মদ উল্লাহর চিংড়িঘেরে হামলা চালিয়ে মাছ লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনার জের ধরে ওই দিন রাতেই নোনাছড়ি বাজার এলাকায় কাসেম ও খলিলের লোকজনের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় মুহিব উল্লাহ (২৫), আমান উল্লাহ (৩০) ও আবদুর রহিম (২০) আহত হন। এদিকে কাসেমের লোকজন প্রতিপক্ষ খলিলের এলাকা পূর্ব আধারঘোনায় এসে গতকাল মঙ্গলবার ভোরে ফাঁকা গুলি চালালে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কাসেমের লোকজন প্রতিপক্ষ খলিলের সমর্থক মতির বাড়িসহ সাতটি বাড়ি ভাঙচুর করে। এ সময় কাসেমের লোকজন মতির বাড়ির লোকজনকে বেধড়ক মারধর ও গুলিবর্ষণ করে। একপর্যায়ে খলিলের লোকজনও পাল্টা গুলি চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে দুই ঘণ্টাব্যাপী এই গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়। গুলিবিদ্ধ সেলিনা আকতার (৩৪), শাকেরা বেগম (২৫), মাহবুব আলম (৩৫), বাদল (৩০), আবদুল মন্নান (৩০), মোজাম্মেল হক (২০), আহমুদুর রহমান (২৫), মোহাম্মদ কাসেম (৩৫), বাদশাহ মিয়া (২৫), মনজুর আলমকে (৩৫) চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মহেশখালী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পূর্ব আধারঘোনা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। তবে পুলিশ গতকাল দুপুরে পূর্ব আধারঘোনা গোদারপাড়া পূর্ব দিকের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মহিব উল্লাহ সিদ্দিকী, সোহেল রানা, মোহাম্মদ হাকিম ও আবদুর রহিম নামের চারজনকে গ্রেপ্তার করে।কালারমারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মীর কাসেম চৌধুরী বলেন, কয়েক দিন ধরে দুই সন্ত্রাসী বাহিনীর লোকজন বেপরোয়া হয়ে উঠেছে। এতে স্থানীয় লোকজন আতঙ্কিত হওয়ার পাশাপাশি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আধিপত্য বিস্তার ও অনেক দিনের বিরোধের জের ধরে দুই সন্ত্রাসী গোষ্ঠীর মধ্যে এ ঘটনা ঘটেছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।