মহেশখালীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১
কক্সবাজারের মহেশখালীতে গত সোমবার রাতে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে বেলাল হোসেন নামের (২৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালারমারছড়া বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন বেলাল হোসেন। যাওয়ার পথে মোহাম্মদ শাহঘোনার একটি মুদি দোকানের সামনে পৌঁছলে একদল দুর্বৃত্ত তাঁকে অপহরণ করে নিয়ে যায়। পরে মুজিব কিল্লায় নিয়ে গিয়ে বেলালকে প্রথমে গুলি ও পরে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে দুর্বৃত্তরা কয়েকটি ফাঁকা গুলি করে পালিয়ে যায়।বেলালের বাড়ি উপজেলার মোহাম্মদ শাহঘোনা গ্রামে। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে বেলালের লাশ উদ্ধার করে। গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য তাঁর লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশের টহল জোরদারের পাশাপাশি ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহত বেলালের বড় ভাই জামাল হোসেন গতকাল রাত নয়টার দিকে ৩০ জনকে আসামি করে মহেশখালী থানায় মামলা করেছেন।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, বেলাল হত্যার মূল রহস্য উদ্ঘাটনসহ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।