মহেশখালীতে দুর্বৃত্তদের হামলায় সংবাদকর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তদের হামলায় জনকণ্ঠ পত্রিকার কক্সবাজারের মহেশখালী উপজেলা প্রতিনিধি আবদুর রাজ্জাক আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাতটার দিকে উপজেলা পরিষদের সামনে একদল দুর্বৃত্ত রাজ্জাকের ওপর হামলা চালায়। পরে আশপাশের লোকজন গিয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে সেখান থেকে তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
আবদুর রাজ্জাক জানান, গত ১৯ আগস্ট একদল দুর্বৃত্ত গোরকঘাটা বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। ওই হামলায় তাঁর বাবা গুরুতর আহত হন। ওই ঘটনায় মামলার করার জের ধরে দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালিয়েছে।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, মাথার পেছনের ও বাঁ পাশে আঘাতের চিহ্ন থাকায় উন্নত চিকিৎসার জন্য আবদুর রাজ্জাককে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। কিন্তু লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করেই আইনি ব্যবস্থা নেওয়া হবে।’