মহেশখালীতে দুর্বৃত্তদের হামলায় আ.লীগ নেতা আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল সোমবার দুর্বৃত্তদের হামলায় ছিদ্দিক আহমদ (৫৫) নামের স্থানীয় এক আওয়ামী লীগের নেতা গুরুতর আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া বাজারে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদল দুর্বৃত্ত ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ছিদ্দিক আহমদের সারের দোকানে গিয়ে তাঁকে বেধড়ক মারধর করে। এ সময় দুর্বৃত্তরা তাঁর দোকানের ক্যাশ বাক্স ভেঙে টাকা লুট করে নিয়ে যায়। পরে এলাকার লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ছিদ্দিক আহমদ বলেন, কোনো কারণ ছাড়াই দুর্বৃত্তরা গত বুধবার দোকানে গিয়ে তাঁকে নাজেহাল করে এবং প্রকাশ্যে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় পরের দিন গত বৃহস্পতিবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করায় তারা ক্ষিপ্ত হয়ে ফের তাঁর ওপর হামলা চালায় এবং দোকানের ক্যাশ বাক্স ভেঙে টাকা লুট করে নিয়ে যায়। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।