মহেশখালীতে দুর্যোগের ঝুঁকিতে লক্ষাধিক মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার, ২৯ এপ্রিল। সেই ভয়াল দিন। ১৯৯১ সালের এই দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের আঘাতে কক্সবাজারের মহেশখালী দ্বীপে প্রায় ২০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। উপজেলার ধলঘাটায় আয়োজন করা হবে দোয়া মাহফিল।প্রশাসন ও স্থানীয় প্রতিনিধিদের সূত্রে জানা গেছে, ১৯৯১ সালে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এই উপজেলায় কোনো আশ্রয়কেন্দ্র ছিল না। পরে বাংলা-জার্মান সম্প্রীতি, বিশ্বব্যাংক, রেড ক্রিসেন্ট, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্রসহ দেশি-বিদেশি সাহায্য সংস্থার অর্থায়নে উপজেলায় ৮৩টি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়।জনপ্রতিনিধি ও এলাকাবাসীর অভিযোগ, সংস্কারের অভাবে ওই আশ্রয়কেন্দ্রগুলোর বেশির ভাগই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এই এলাকার লক্ষাধিক মানুষ এখনো প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে বসবাস করছে।সরেজমিনে দেখা গেছে, উপজেলার মাতারবাড়ির ইউনিয়নের তিতামাঝির পাড়ার আশ্রয়কেন্দ্রটির বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। আশ্রয়কেন্দ্রের দরজা ও জানালা ভেঙে গেছে। এটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ধলঘাটা ইউনিয়নের ১৪টি আশ্রয়কেন্দ্রের মধ্যে বেশির ভাগ ভবনেই ফাটল রয়েছে। ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ প্রথম আলোকে বলেন, এই উপজেলায় চার লাখের বেশি মানুষের বাস। জনসংখ্যার তুলনায় আশ্রয়কেন্দ্রের সংখ্যা খুবই কম। এর ওপর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় অনেক আশ্রয়কেন্দ্র ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এসব আশ্রয়কেন্দ্র সংস্কারের পাশাপাশি আরও অন্তত ২০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ জরুরি। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছর এ উপজেলায় নতুন আরও ১৬টি আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা করা হয়। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশিদ আহমেদ চৌধুরী বলেন, আশ্রয়কেন্দ্র না থাকায় ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে এত মানুষের প্রাণহানি ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, আরও অন্তত ১০০টি আশ্রয়কেন্দ্র নির্মাণ জরুরি। এ ছাড়া ঝুঁকিপূর্ণ আশ্রয়কেন্দ্রগুলো সংস্কারের জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।