মহেশখালীতে নিখোঁজ ২২ জেলের হদিস মেলেনি ২১ দিনেও
কক্সবাজারের মহেশখালী উপজেলার চারটি মাছ ধরার নৌকাসহ নিখোঁজ ২২ জেলের হদিস মেলেনি ২১ দিনেও। গত ১০ অক্টোবর রাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে নিখোঁজ হন ওই ২২ জেলে। এতে নিখোঁজ জেলে পরিবারে শোক বিরাজ করছে।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর উপজেলার কুতুবজোম ইউনিয়নের চারটি নৌকায় করে শতাধিক মাঝিমাল্লা বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। ১০ অক্টোবর রাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ও ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ওই চারটি নৌকা ডুবে যায়। অনেকে সাঁতার কেটে ও অন্য নৌকার সহযোগিতায় তীরে ফিরে এলেও ২২ জেলে এখনো নিখোঁজ।সরেজমিনে উপজেলার কুতুবজোম ইউনিয়নের দৈলারপাড়া গিয়ে দেখা যায়, নিখোঁজ জেলে মনায়েমের পরিবারের মধ্যে চলছে শোকের মাতম। সাগর থেকে মাছ ধরে মনায়েম কবে বাড়িতে ফিরবেন সেই অপেক্ষায় তাঁর দশম শ্রেণীপড়ুয়া মেয়ে ফারিয়া সাজনীন। সাজনীন বলে, ‘অনেক আশা ছিল, লেখাপড়া করে অনেক বড় হব। শিক্ষার আলো জ্বালাব। কিন্তু বাবা নিখোঁজ হওয়ায় সেই আশা পূরণ হবে কি! সামনে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করতে হবে। টাকার অভাবে তা পারব কি না, সন্দেহ রয়েছে।’একই চিত্র নিখোঁজ অন্য জেলে পরিবারের মধ্যেও। ওই সব পরিবারের সদস্যরা অনাহার-অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছে। গতকাল পর্যন্ত সরকারিভাবে কোনো সাহায্য তারা পায়নি। তবে ২১ অক্টোবর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী তাঁর ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেক পরিবারকে এক হাজার টাকা করে দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, নিখোঁজ জেলে পরিবারের জন্য আর্থিক সহযোগিতা চেয়ে ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করা হবে।