মহেশখালীতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত ১০০
কক্সবাজারের মহেশখালীতে গতকাল সোমবার নির্বাচন-পরবর্তী সহিংসতায় তিন স্কুলছাত্রীসহ শতাধিক মানুষ আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে ২৫ জনকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল আটটার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের মেহেরীয়াপাড়ায় নবনির্বাচিত সদস্য নুরুল ইসলামের সমর্থকেরা বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় পরাজিত সদস্য পদপ্রার্থী মোজাম্মেল হকের বাড়িতে ইটপাটকেল ছোড়ে। একপর্যায়ে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৬০ জন আহত হয়। পরে মোজাম্মেল হকের আপন দুই বোন ও এক চাচাতো বোন স্কুলে যাওয়ার সময় নুরুল ইসলামের সমর্থকেরা তাদের বেধড়ক মারধর করে। আহত ব্যক্তিদের মধ্যে স্কুলছাত্রী শাকিলা আক্তার, জেসমিন আক্তার ও শওকত আরাসহ অনেককে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কক্সবাজার সদর হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, বড় মহেশখালী ইউনিয়নে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী এনায়েত উল্লাহ বাবুলের সমর্থকদের হামলায় নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ শরিফ বাদশাহর ৩০ জন সমর্থক আহত হয়েছে। এ ছাড়া নবনির্বাচিত চেয়ারম্যানের সমর্থকেরা পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর খামারবাড়িতে ভাঙচুর চালিয়েছে। অন্যদিকে, হোয়ানক ইউনিয়নের পরাজিত দুই চেয়ারম্যান পদপ্রার্থী আবু তাহের সিকদার ও আবদুর রহমানের সমর্থকদের মধ্যে গত রোববার রাতে ও গতকাল সকালে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।নির্বাচন-পরবর্তী সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল হোয়ানক ইউনিয়নের পরাজিত চেয়ারম্যানপ্রার্থী আবদুর রহমান এবং কুতুবজোম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য নুরুল ইসলাম ও তাঁর ছেলে শাকের উল্লাহকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এদিকে, শনিবার রাতে ধলঘাটা ইউনিয়নের সুতরিয়া বাজার এলাকায় পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী কামরুল হাসানের সমর্থকদের হামলায় পুলিশ ও আনসার সদস্য আহত এবং অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় গত রোববার রাতে মহেশখালী থানায় একটি মামলা হয়েছে।