মহেশখালীতে নির্বিচারে নিধন হচ্ছে বাইনগাছ
কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলে নির্বিচারে নিধন করা হচ্ছে প্যারাবনের বাইনগাছ। স্থানীয় কাঠ পাচারকারীরা এসব বাইনগাছ কেটে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপকূলের সোনাদিয়া, বড়দিয়া, তাজিয়াকাটা, ঘটিভাঙ্গা, বড়দিয়া, ধলঘাটা, মাতারবাড়ি ও কালারমারছড়া বিটের অধীনে সৃজিত প্যারাবন থেকে প্রতিদিনই বাইনগাছ কেটে নেওয়া হচ্ছে। জ্বালানি কাঠসহ বিভিন্ন কাজে ব্যবহার করার উদ্দেশে এসব গাছ কাটা হচ্ছে। এই নিধনযজ্ঞ প্রতিরোধে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া, ঘটিভাঙ্গা ও বড়দিয়ার প্যারাবনের অসংখ্য গাছ কেটে নেওয়া হয়েছে। প্যারাবন থেকে বাইনগাছ কেটে নৌকায় করে লোকালয়ে আনা হয়। পরে জ্বালানি কাঠ হিসেবে এসব গাছ বিক্রি করা হয়।কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া ও ধলঘাটার পূর্ব পাশের প্যারাবনেও প্রায় একই রকম অবস্থা দেখা গেছে। এ ছাড়া অবৈধভাবে চিংড়িঘের তৈরি করতে রাতের আঁধারে মাতারবাড়ি উত্তর-পূর্ব পাশের প্যারাবনের বাইনগাছ কেটে নিয়ে যাচ্ছে ভূমিদস্যুরা।প্যারাবন কাটার সঙ্গে জড়িত বড়দিয়ার বাসিন্দা আবদুর রহিম, কামাল হোসেন ও নুর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, অন্য ব্যবসা করে সংসার চালানোর সামর্থ্য নেই। তাই অভাবের তাড়নায় প্যারাবন থেকে বাইনগাছ কেটে তাঁরা বাজারে নিয়ে বিক্রি করেন।ধলঘাটার পণ্ডিত ডেইল এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন আহমেদ ও আনোয়ার পাশা বলেন, দিনদুপুরে এলাকার লোকজন সাপমারার ডেইলের পূর্ব পাশের প্যারাবন থেকে বাইনগাছ কেটে নিয়ে যাচ্ছে। কিন্তু বিট অফিসের কর্মকর্তাদের কোনো তৎপরতা না থাকায় অবাধে চলছে এই গাছ নিধন। এই ধ্বংসযজ্ঞ বন্ধে বন বিভাগ কোনো চেষ্টাই করছে না। সংশ্লিষ্ট বন বিভাগ সূত্রে জানা গেছে, গোরকঘাটা রেঞ্জের অধীনে সাতটি বিটের মধ্যে মাতারবাড়ি বিটে ৮০০ একর, ঝাপুয়াতে ১২০০ একর, বড়দিয়ায় ৫০০ একর, ঘটিভাঙ্গায় সাড়ে চার হাজার একর, সোনাদিয়া দ্বীপে ২৫০০ একর, গোরকঘাটা সদরে ৫০০ একর ও পোকখালীতে ১০০০ একর প্যারাবন রয়েছে। একটি বিটে বিট কর্মকর্তাসহ সাতজন করে সাতটি বিটে মোট ৪৯ জনের মধ্যে লোকবল আছে মাত্র ১৯ জন। লোকবলের চরম সংকটের কারণে এসব প্যারাবন রক্ষা করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ।সোনাদিয়া বিটের বনপ্রহরী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, একজন লোক দিয়ে প্রায় ২৫০০ একর বনাঞ্চলের গাছ রক্ষা করা সম্ভব নয়। উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল বলেন, লোকবল সংকটের কারণে কাঠ পাচারকারীদের কবল থেকে প্যারাবন রক্ষা করা যাচ্ছে না। প্যারাবন পাহারা দেওয়ার দ্রুতগামী কোনো জলযান নেই। তিনি বলেন, ‘বিচ্ছিন্নভাবে প্যারাবন থেকে লাকড়ির জন্য বাইনগাছ কাটা পড়লেও ভূমিদস্যুরা চিংড়ি চাষের জন্য অনেকবার প্যারাবন কাটার চেষ্টা করে। কিন্তু আমাদের চেষ্টা ও পরিশ্রমের কারণে গত চার বছরে কেউ প্যারাবন কেটে চিংড়ির ঘের করতে পারেনি। প্যারাবন রক্ষায় চুক্তিভিত্তিতে চারজন শ্রমিক এখন প্যারাবন পাহারা দিচ্ছেন।’