মহেশখালীতে নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা বাতিলের প্রতিবাদে গত শনিবার সন্ধ্যায় স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকেরা মিছিল-সমাবেশ করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা গত ১০ আগস্ট অনুষ্ঠিত হয়। পরীক্ষায় শফিউল আলম প্রথম হন। গত শুক্রবার স্কুল পরিচালনা কমিটি ওই নিয়োগ পরীক্ষা বাতিল করে। এর প্রতিবাদে শনিবার সন্ধ্যায় শিক্ষার্থী ও অভিভাবকেরা মিছিল-সমাবেশ করেন। কালারমারছড়া বাজারের চৌমুহনীতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. রশীদ, কায়সার উদ্দীন, কামাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, আগামী দুই দিনের মধ্যে শফিউল আলমকে প্রধান শিক্ষক পদে নিয়োগ না দিলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।স্কুল পরিচালনা কমিটির সভাপতি শরিফ মাতব্বর বলেন, ‘প্রতিষ্ঠানের স্বার্থে শফিউল আলমকে নিয়োগ দেওয়া হয়নি।’