কক্সবাজারের মহেশখালী উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদপ্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গভীর রাত পর্যন্ত পথসভার নামে জনসভা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মিছিল-শোডাউন নিষিদ্ধ থাকলেও অনেক প্রার্থী তা মানছেন না। ফলে অনেক সময় প্রার্থীদের সমর্থকদের মধ্যেও সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটছে।জানা গেছে, ১৬ মার্চ প্রতীক বরাদ্দ হওয়ার পর মহেশখালী উপজেলার ছয় ইউপির চেয়ারম্যান পদপ্রার্থীরা মাঠে নামেন। দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন প্রার্থীরা। প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে গ্রাম-গঞ্জ। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে গভীর রাতে মিছিল ও জনসভা চলছে। কুতুবজোম ও বড় মহেশখালী ইউনিয়নে এরই মধ্যে নির্বাচনী সহিংসতায় ২০ জন আহত হয়েছে।অভিযোগ পাওয়া গেছে, উপজেলার কুতুবজোম ইউপির কবির আহমদ, বোরহান উদ্দিন, মোহাম্মদ শফিউল আলম, কালারমার ছড়ার জামায়াত নেতা জাবের আহমদ চৌধুরী, মোহাম্মদ ওচমান গনি, মোহাম্মদ সেলিম চৌধুরী, মোহাম্মদ হাসান বশির, মীর কাসেম চৌধুরী, হোয়ানকের রুহুল আমিন, মোহাম্মদ মীর কাসেম, বিএনপি নেতা আবু তাহের সিকদার, মোহাম্মদ সরওয়ার কামাল, মোহাম্মদ আবদুর রহমান, বড় মহেশখালীর এনায়েত উল্লাহ, মোহাম্মদ শরীফ বাদশাহ এবং ধলঘাটার বিএনপি নেতা মকবুল আহমদ, কামরুল হাসান, আবদুল মান্নান ও আহসান উল্লাহ এবং মাতারবাড়ির চার চেয়ারম্যান পদপ্রার্থী আচরণবিধি অমান্য করে গভীর রাত পর্যন্ত প্রচারণা চালাচ্ছেন। বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত শুধু পথসভাসহ নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ করার নিয়ম থাকলেও কোনো প্রার্থী তা মানেন না।গত বুধবার রাতে বড় মহেশখালী ইউপির দুই প্রার্থী শরীফ বাদশাহ ও এনায়েত উল্লাহ ফকিরাঘোনা এলাকায় পৃথক পথসভার আয়োজন করেন। পথসভায় অংশ নিতে যাওয়ার পথে জাগিরঘোনা এলাকায় দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনার পর থেকে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।কুতুবজোম ইউপির তাজিয়াকাটার আবদুর রহিমসহ কয়েকজন বলেন, কেউই নির্বাচনী আচরণবিধি মানছেন না। প্রার্থীরা পথসভার নামে জনসভা করছেন। গভীর রাতে বিভিন্ন প্রার্থীর সমর্থকেরা মিছিল করছে। এতে এলাকার লোকজন অতিষ্ঠ। এলাকার লোকজন আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।একই ধরনের কথা বলেন বড় মহেশখালীর মনির হোসেন, আবদুর রহিম, কালারমার ছড়ার আবদুল খালেক, ফরহাদ হোসেন ও মইন উদ্দিন। তবে কুতুবজোম ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী বোরহান উদ্দিন বলেন, আচরণবিধি মেনেই তিনি প্রচারণা চালাচ্ছেন। কেউ কেউ অমান্য করলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।হোয়ানক ইউপির প্রার্থী আবু তাহের সিকদার বলেন, ‘আচরণবিধি মেনে প্রচারণা চালাতে বলা হলেও সমর্থকেরা অনেক সময় নির্দেশ মানেন না। এতে আমাদের করার কিছুই নেই। তবে তাঁরা জনসভা নয়, কেবল পথসভাই করছেন।’ কালারমার ছড়ার প্রার্থী হাসান বশির বলেন, ‘অনেক সময় সমর্থকেরা রাতে আনন্দ করার জন্য মিছিল করছেন। এতে বাধা দিলে সমর্থকেরা ক্ষেপে যান। জনগণকে সচেতন না করা পর্যন্ত আচরণবিধি বাস্তবায়ন হবে না।’ বড় মহেশখালীর প্রার্থী শরীফ বাদশাহ বলেন, ‘আচরণবিধি মেনে প্রচারণা চালাতে সমর্থকদের বলেছি। কিন্তু তারা গভীর রাতে মিছিল বের করছে। বেশ কয়েকবার সমর্থকদের বাধা দিয়েও কাজ হয়নি।’মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, বিভিন্ন ইউপির অন্তত ২০ জন চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। ওই সব অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। তবে ৩১ মার্চ ইউপি নির্বাচন সামনে রেখে গত শনিবার থেকে ইউনিয়ন পর্যায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।