মহেশখালীতে পানের দাম পড়ে যাওয়ায় হতাশ চাষিরা
এক মাস আগেও কক্সবাজারের মহেশখালী উপজেলায় প্রতি বিড়া পান বিক্রি হয়েছে ৩০০ টাকায়। তবে দুই-তিন সপ্তাহ ধরে কমছে পানের দাম। বর্তমানে প্রতি বিড়া পান বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এক বিড়া পান উৎপাদনে কৃষকের খরচ পড়ে ১৫০ টাকা। সে খরচ তুলতে পারবেন কি না, এ নিয়ে শঙ্কা কৃষকদের। গত বছরেও এই এলাকার চাষিরা পান বিক্রি করে ন্যায্য মূল্য পাননি। ফলে এবারও লোকসানের আতঙ্কে ভুগছেন এই এলাকার অন্তত ১৫ হাজার পানচাষি।
বড় মহেশখালী ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা দিদারুল ইসলাম বলেন, পানচাষিদের প্রতি বিড়া পান উৎপাদনে খরচ হয় ১৫০ টাকা। যদি পানের দাম ১৬০ টাকার ওপরে না ওঠে, তবে চাষের খরচ তুলতে পারবেন না পানচাষিরা।
১৫ ডিসেম্বর দুপুরে জনতাবাজার গিয়ে দেখা যায়, দুই শতাধিক চাষি পান নিয়ে সারিবদ্ধভাবে বাজারে বসেছেন। দেশের নানা এলাকা থেকে আসা পাইকারি ক্রেতারা পান কিনছিলেন। তবে চাষিরা যে দাম হাঁকছিলেন, তার চেয়ে অনেক কম দামে পান বিক্রি হচ্ছিল।
পান বিক্রি করতে আসা কালারমারছড়া ইউনিয়নের চালিয়াতলি এলাকার পানচাষি রবি আলম ও নুর কাদের জানান, এক মাস আগে প্রতি বিড়া পান ৩০০ টাকায় বিক্রি হয়েছিল। এখন সে পরিমাণ পান ১০০ টাকা দামে বিক্রি হচ্ছে। স্থানীয় পানচাষিরা জানান, তিন বছর ধরেই পানের দাম পড়তির দিকে। মাঝেমধ্যে দাম বাড়লেও তা এক-দুই মাসের বেশি স্থায়ী হয় না। চট্টগ্রামের বাঁশখালী থেকে আসা পান ব্যবসায়ী সিরাজুল ইসলাম বলেন, সপ্তাহ দুই দিন মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় পানের হাট বসে। আর এসব পানের হাটে চাষিদের কাছ থেকে পান কেনেন তিনি।
এখানকার পান চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করেন। গত কয়েক সপ্তাহে পানের দাম অনেক কমেছে বলে তিনি স্বীকার করেছেন। জনতাবাজার পানের হাটের পরিচালক আবদুর রহিম বলেন, তিন সপ্তাহ ধরে পানের দাম উঠছে না। ন্যায্য দাম না পেয়ে চাষিরা হতাশ।
জানতে চাইলে মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল আলম বলেন, পানের ফলন অনেক ভালো হয়েছে। কিন্তু হাটবাজারে পানের ন্যায্য দাম না পাওয়ায় স্থানীয় চাষিরা আবারও লোকসান আতঙ্কে ভুগছেন। এতে ১৫ হাজার পানচাষি জীবিকা নিয়ে সংকটে পড়েছেন।