মহেশখালীতে পাহাড়ি ঢলে ভেঙে গেছে সড়ক
পাহাড়ি ঢলে কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-জনতাবাজার সড়কের পাঁচটি স্থান ভেঙে গেছে। এতে সাত দিন ধরে সড়কটিতে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। গত সোমবার পাহাড়ি ঢলে সড়কের পাঁচটি স্থান ভেঙে যায়।
গত রোববার সরেজমিনে দেখা যায়, গোরকঘাটা-জনতাবাজার সড়কের হোয়ানক ইউনিয়নের পানিরছড়া, কালালিয়াকাটা, কেরুনতলী ও কালারমারছড়া ইউনিয়নের দুটি স্থানে নির্মাণাধীন কালভার্টের পাশের বিকল্প সড়ক ভাঙা।
সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সবজি, লবণ ও পান ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন। হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটার পানচাষি আমির হোসেন বলেন, সরাসরি গাড়ি চলাচল বন্ধ থাকায় ব্যবসায়ীরা এখন বাজার থেকে পান কিনছেন না। স্থানীয় লোকজন বলেন, সড়কের ভাঙা স্থানগুলো সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এ প্রসঙ্গে সড়ক ও জনপদ বিভাগের কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মোহামঞ্চদ জাহাঙ্গীর আলম বলেন, বিকল্প সড়কগুলো ঠিক করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট নির্মাণকাজের ঠিকাদারদের নির্দেশ দেওয়া হয়েছে।