মহেশখালীতে পাহাড় ধসে পানচাষির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় পাহাড় কাটার সময় ধসেপড়া মাটির নিচে চাপা পড়ে মোহাম্মদ শওকত হোসেন (২৫) নামের এক পানচাষি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক বৃদ্ধসহ চারজন। গতকাল মঙ্গলবার বিকেলে শাপলাপুর ইউনিয়নের কুতুবদিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পানের বরজে মাটি দেওয়ার জন্য শওকত হোসেনসহ পাঁচজন পার্শ্ববর্তী পাহাড় থেকে মাটি কাটছিলেন। হঠাৎ পাহাড়ের গা থেকে বিরাট একটি মাটির চাঙড় ধসে পড়ে। শওকত হোসেন মাটির নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আহত হন বাকি চারজন। তাঁরা সবাই পানচাষি। খোঁজ নিয়ে জানা গেছে, মহেশখালীর পাহাড়ি এলাকা দখল করতে প্রভাবশালী ব্যক্তিরা পাহাড় কেটে অবৈধভাবে বসতিস্থাপন ও পানের বরজ তৈরি করছেন।মহেশখালী বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, পাহাড় কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শতাধিক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।