মহেশখালীতে পাহাড় ধসে শ্রমিকের মৃত্যু আহত ৬
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল বৃহস্পতিবার সকালে পাহাড় ধসে মাটিচাপা পড়ে মোহাম্মদ ইদ্রিচ নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও অন্তত ছয় শ্রমিক আহত হয়েছেন।তাঁর বাড়ি আধারঘোনা গ্রামে।আহত শ্রমিকেরা হলেন: আবদুস শুক্কুর (৪০), আবুল শামা (৪৫), মোহাম্মদ আলী (৩৮), মোহাম্মদ রুবেল (১৮), এজহার মিয়া (৪০) ও জিয়াবুল হক (২২)। হতাহত শ্রমিকদের সবার বাড়ি উপজেলার আধারঘোনা গ্রামে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে উপজেলার পূর্ব আধারঘোনা দরগার শিরা এলাকায় দুটি পানের বরজে দেওয়ার জন্য ১৫ জন শ্রমিক পাহাড় কেটে মাটি সংগ্রহ করেন। একপর্যায়ে পাহাড় ধসে সাত শ্রমিক মাটিচাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই ইদ্রিচের (৩৫) মৃত্যু হয়। স্থানীয় লোকজন অন্য শ্রমিকদের উদ্ধার করেন। তাঁরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।