মহেশখালীতে পাহাড়ধসে চারজন নিহত
সামুদ্রিক জলোচ্ছ্বাস, প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারের আট উপজেলার আড়াই শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। চকরিয়া ও পেকুয়ায় গতকাল মঙ্গলবার বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। মহেশখালীতে পাহাড়ধসে নিহত হয়েছে চারজন।ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কক্সবাজার: কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হাছিনা আকতার বলেন, দ্বীপের চারদিকের ৪০ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে প্রায় পাঁচ কিলোমিটার সম্পূর্ণ ভেঙে গেছে। ভাঙা স্থান দিয়ে জোয়ারের পানি ঢুকে ৩১টি গ্রাম প্লাবিত হয়েছে। সামুদ্রিক জলোচ্ছ্বাসে গত দুই দিনে পায়রাকাটা ও তাবলেরচর গ্রামের ৩৪৫টি কাঁচা ঘর বিলীন হয়েছে। রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার বলেন, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি বাঁকখালী নদী উপচে অন্তত ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে ডুবে যাওয়ায় রামু-ফকিরাবাজার সড়ক, রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক, রামু-পুরাতন আরাকান সড়কসহ আটটি সড়কে গতকাল বেলা ১১টা থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, মাতামুহুরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ৭১টির বেশি গ্রামে পানি উঠেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় এক লাখ মানুষ। বিলীন হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি।পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, ভারী বর্ষণ ও জলোচ্ছ্বাসে উপজেলার অন্তত ৫০টি গ্রাম প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে প্রায় ৫০০ একরের চিংড়িঘের। উজানটিয়া ইউনিয়নের নতুনপাড়া থেকে মগনামা ইউনিয়নের কাকপাড়া পর্যন্ত তিন কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে।এদিকে ভারী বর্ষণের কারণে কক্সবাজার সদর উপজেলার লিংক রোড, মুহুরীপাড়া, চাইন্দা, খরুলিয়া, বাংলাবাজারসহ অন্তত ১৯টি গ্রামের ছয় শতাধিক বসতবাড়ি ডুবে রয়েছে।স্থানীয় সূত্র জানায়, টেকনাফের ২১টি গ্রাম প্লাবিত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, চকরিয়া উপজেলার খাছাপাড়া গ্রামে গতকাল সকালে মাছ ধরার সময় আলী আকবর (২৯) নামের এক ব্যক্তি বজ্রপাতে মারা যান। বিকেলে মাছ ধরার সময় বজ্রপাতে মারা যান পেকুয়া উপজেলার সবজীবন পাড়ার মো. মোমিন (৩২) ।মহেশখালী: উপজেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল দুপুরে বসতবাড়ির ওপর পাহাড় ধসে পড়ে উপজেলার উত্তর ঝাপুয়ার পাহাড়তলী এলাকার ছকিনা বেগম (৪৫) মারা গেছেন। এ সময় তাঁর স্বামী মোহাম্মদ শফিউল আলম আহত হন। দুপুরে বসতবাড়ির দেয়াল ধসে একই এলাকার ওয়াসিম নামের এক ব্যক্তির দেড় বছরের শিশুকন্যা রাফি আক্তার এবং পানের বরজে কাজ করার সময় পাহাড় ধসে সাদ্দাম হোসেন নামের এক যুবক মারা যান। বিকেলে বাড়ির আঙিনায় কাজ করার সময় পাহাড়ধসে উপজেলার শাপলাপুর ইউনিয়নের জেমঘাট এলাকার যুবক আবদুল মজিদের মৃত্যু হয়। এ ছাড়া পাহাড়ধসের ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে। পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে পাহাড়ের পাদদেশে বসবাসরত দুই শতাধিক বসতবাড়ি ভেঙে গেছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার ৪৫টি গ্রামের ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।উখিয়া: দুই দিনের ভারী বৃষ্টিপাতে উপজেলার ২৫-৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। পালংখালী ইউপির চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী জানান, বালুখালী জুমের ছড়া, পশ্চিম ফারিরবিল, মধ্যম ফারিরবিল, থাইংখালীর পন্ডিতপাড়া, তাজুনিমার খোলা, রহমতের বিল, ধামন খালী গ্রামের প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দী রয়েছে। হলদিয়াপালং ইউপির চেয়ারম্যান কামাল উদ্দিন বলেন, রুমখাঁ কুলালপাড়া, রুমখাঁ চরপাড়া, তেলীপাড়া, হাজমপাড়া, চৌধুরীপাড়া, নতুনপাড়া, গোলাম মাতবরপাড়া, পশ্চিম ধুরুমখালী গ্রাম হাঁটুপানিতে নিমজ্জিত।রত্নাপালং ইউপি চেয়ারম্যান নুরুল কবির চৌধুরী জানান, পূর্ব রত্না, পশ্চিম রত্না, সাদৃকাটা, তেলীপাড়াসহ পাঁচ-ছয়টি গ্রাম পানিতে তলিয়ে যায়।উখিয়া সদরের রাজাপালং ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ঘিলাতলীপাড়া, স্টেশন সদর, টাইপালং, কাশিয়ারবিল, সিকদারবিল, ডেইলপাড়া, কুতুপালং, মাছকারিয়া, মধুরছড়া, শীলের ছড়া ও উত্তর পুকুরিয়া গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শাহজালাল চৌধুরী জানান, পাহাড়ধসের কারণে অনেক স্থানে যোগাযোগব্যবস্থা ভেঙে পড়েছে।বান্দরবান: স্থানীয় সূত্র জানায়, সোমবার রাতে ও গতকাল সকালে বৃষ্টিপাত কম হওয়ায় সাঙ্গু নদী ও ঝিরি-ঝরনার পানি দ্রুত কমে গিয়েছিল। কিন্তু দুপুর থেকে আবারও মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় সন্ধ্যার দিকে পানি বাড়তে শুরু করে। নাইক্ষ্যংছড়ির ইউএনও শামীম সোহেল জানান, নাইক্ষ্যংছড়ি-রামু ও নাইক্ষ্যংছড়ি-বাইশারি সড়কের কয়েকটি অংশ পানিতে ডুবে যাওয়ায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বাইশারী বাজার ও নাইক্ষ্যংছড়ি সদর বাজারের কিছু অংশে পানি উঠেছে।