মহেশখালীতে পাহাড়ধসে শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বৃষ্টিতে কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ধসে মোহাম্মদ কাউছার (১৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কাউছার ওই এলাকার আবু ছিদ্দিকের ছেলে।


স্থানীয় কালারমারছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইকবাল বাহার চৌধুরী বলেন, সকালে কাউছার পাহাড়ের পাদদেশে ঘাস কাটতে যান। এ সময় ভারী বৃষ্টিতে হঠাৎ ওপর থেকে পাহাড় ধসে পড়লে সে মাটিতে চাপা পড়ে। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, অতিবৃষ্টিতে পাহাড় ধসে পড়ে এক শিশু মারা গেছে। পাহাড় ধসে আর কারও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নিতে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।