মহেশখালীতে পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ১৫২
কক্সবাজারের মহেশখালী উপজেলায় অভিযান চালিয়ে সাতজন সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ১৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া ছয়টি আগ্নেয়াস্ত্র, দুটি গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। গত শনিবার থেকে গতকাল শুক্রবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা ও পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ ছাড়া পুলিশ ১০টি মাদক তৈরির কারখানা থেকে বিপুল পরিমাণ মদ ও মাদক তৈরির উপকরণ উদ্ধার করেছে। কারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়ন ও একটি পৌর এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, সাজাপ্রাপ্ত আসামি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে গত শনিবার এই বিশেষ অভিযান শুরু করে পুলিশ। গত এক সপ্তাহে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে উপজেলার ধলঘাটা, মাতারবাড়ী, কালারমারছড়া, হোয়ানক, বড় মহেশখালী ও পৌর এলাকা থেকে ওই ব্যক্তিদের গ্রেপ্তার এবং অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। এ ছাড়া উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০টি মদের কারখানা গুঁড়িয়ে দেওয়া হয় এবং চোলাই মদ তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে পুলিশ।সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে মাতারবাড়ী ও কালারমারছড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ চিহ্নিত সন্ত্রাসী আবু তাহের, মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ রুবেলকে গ্রেপ্তার করা হয়। এ প্রসঙ্গে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী গতকাল শুক্রবার প্রথম আলোকে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পর্যায়ক্রমে মহেশখালী বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়।