মহেশখালীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন নিহত
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে পুলিশ ও ডাকাতদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মেহার আলী ওরফে মেরাজ (২৮)। তাঁর বাড়ি উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ওয়াপদা পাড়ায়। তিনি ডাকাতদলের সদস্য বলে পুলিশ দাবি করেছে।মাতারবাড়ী পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমানের ভাষ্যমতে, উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের রাজঘাট এলাকায় মঙ্গলবার রাত ১১টার দিকে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালাতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতেরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে দুটি এলজি ও চারটি কার্তুজসহ হুমায়ুন কবির ওরফে কবির (৩৫) ও গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ মেহারকে আটক করে। মেহার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার ভোরে মারা যান।এএসআই মশিউর রহমান জানান, মেহার ও কবিরের বিরুদ্ধে মহেশখালী থানায় চারটি মামলা রয়েছে।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ুন কবির জানান, মঙ্গলবারের ঘটনায় ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।