মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত সোমবার গভীর রাতে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে ঘণ্টাব্যাপী ‘বন্দুকযুদ্ধে’ গুলিবিদ্ধ হয়ে দেলোয়ার হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পুলিশের সাত সদস্য।পুলিশের দাবি, দেলোয়ার একজন চিহ্নিত সন্ত্রাসী। আহত ব্যক্তিদের গতকাল মঙ্গলবার ভোররাতে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, সোমবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা বড় কবরস্থানসংলগ্ন মসজিদের পাশে একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে রাত তিনটার দিকে স্থানীয় কালারমারছড়া পুলিশ ফাঁড়ি ও থানার পুলিশের দুটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের চেষ্টা চালায়। কিন্তু গ্রেপ্তার এড়াতে সন্ত্রাসীরা প্রথমে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধের ঘটনায় ঘটনাস্থলেই সন্ত্রাসী দেলোয়ার গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ সময় সন্ত্রাসীদের ধাওয়া করতে গিয়ে আহত হন স্থানীয় কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ শাহনেওয়াজ (৪৫), পুলিশ সদস্য (কনস্টেবল) আবুল কালাম (৫৩), মোহাম্মদ আরিফ (৩০), মোহাম্মদ শাহজাহান (২৭), এমদাদুল হক (২৭), শাহ করিম (২৬) ও ওসমান গণি (২৬)। পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি লম্বা বন্দুক ও ৩৮টি কার্তুজ উদ্ধার করে।এদিকে গতকাল ভোররাত চারটার দিকে গুলিবিদ্ধ দেলোয়ার ও পুলিশের সাত সদস্যকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে দেলোয়ারের অবস্থা আশঙ্কাজনক হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ নিজাম উদ্দিন তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। সেখানেই সকালে তিনি মারা যান। আহত স্থানীয় পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক মোহাম্মদ শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, নিহত দেলোয়ার খলিল বাহিনীর অন্যতম সদস্য। তাঁকে ধরার জন্য ইতিমধ্যে কয়েকবার অভিযান চালালেও পুলিশ ব্যর্থ হয়।