মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, একজন গুলিবিদ্ধ
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত শুক্রবার গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাজেম উদ্দিন ওরফে নাজু নামের এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁকে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, আহত নাজু (৩৪) ডাকাত। তাঁকে নিয়ে অভিযান চালানোর সময় তাঁর সঙ্গীদের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ সময় নাজু ছাড়াও চার পুলিশ আহত হয়। আহত পুলিশ কর্মকর্তারা হলেন: মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) মোহামঞ্চদ নাছির উদ্দিন, এসআই শাহ নেওয়াজ এবং কনস্টেবল আবদুর রহমান ও মফিজুর রহমান। তাঁরা মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।কালারমারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোহামঞ্চদ শাহ নেওয়াজ প্রথম আলোকে জানান, গত শুক্রবার বিকেলে চালিয়াতলী এলাকা থেকে মোটরসাইকেলসহ বদরখালী কলেজ ছাত্রলীগের সভাপতি মোহামঞ্চদ বকুল ও নাজুকে গ্রেপ্তার করা হয়। পরে নাজুর তথ্যের ভিত্তিতে রাত একটার দিকে দক্ষিণ ঝাপুয়া এলাকায় তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে দেশে তৈরি একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। পরে চিকনিপাড়ায় আস্তানায় অভিযান চালানোর সময় তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় আধা ঘণ্টা ধরে দুই পক্ষে ‘বন্দুকযুদ্ধ’ হয়। এ সময় নাজু পায়ে গুলিবিদ্ধ হন। থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও পুলিশের ওপর হামলার ঘটনায় দুটি মামলা করেছে। নাজুর বিরুদ্ধে থানায় ছয়টি হত্যা মামলাসহ ২০টি মামলা রয়েছে।