মহেশখালীতে পৃথক ঘটনায় এক ইউপি সদস্যসহ আহত ২০
কক্সবাজারের মহেশখালীতে গত শনিবার রাতে পৃথক ঘটনায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টার দিকে উপজেলার গোরকঘাটা থেকে কিছু লোক বেবিট্যাক্সিতে করে কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা যাচ্ছিল। বেবিট্যাক্সি বটতলী বাজার এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী সড়ক অবরোধ করে গাড়িটি থামায়। তারা বেবিট্যাক্সির চার যাত্রীর কাছ থেকে নগদ টাকা ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়। ছিনতাইকারীরা বেবিট্যাক্সিটি ভাঙচুর করে। তাদের হামলায় চার যাত্রী এমরানুল ইসলাম (২১), শারমিন আক্তার (২২), বেবি আক্তার (৪০) ও মোহাম্মদ হাসান (৩০) গুরুতর আহত হন। এর আগে শনিবার সন্ধ্যায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মুদিরছড়া এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে লম্বাঘোনা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়। এদের মধ্যে ১১ জনকে রাত ১১টার দিকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ইউপি সদস্য আবুল হোসেনের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে গতকাল রোববার কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।মহেশখালী থানার ওসি হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।