মহেশখালীতে প্যারাবন কেটে চিংড়িঘের বানানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের বড়দিয়ায় স্থানীয় প্রভাবশালী একটি চক্র প্রকাশ্যে সংরক্ষিত প্যারাবনের বাইনগাছ কেটে চিংড়িঘের নির্মাণ করছে। স্থানীয় বনকর্মীদের বাধার মুখে সপ্তাহ খানেক বন্ধ থাকলেও গত বৃহস্পতিবার থেকে তারা প্রায় ৩০০ শ্রমিক নিয়োগ দিয়ে প্যারাবন কেটে ঘের নির্মাণ করছে।স্থানীয় বড়দিয়ার বিট কর্মকর্তা তোফাজ্জল হোসেন বাদী হয়ে ভূমিদস্যুদের বিরুদ্ধে মামলা করে নিজেই এখন প্রাণভয়ে এলাকাছাড়া হয়েছেন। ফলে অবাধে প্যারাবন কাটা চলছে।উপকূলীয় বন বিভাগ গোরকঘাটা রেঞ্জ সূত্রে জানা গেছে, বড়দিয়ায় গত ১৫ নভেম্বর থেকে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা বাইনগাছ কেটে প্রায় ১০০ একর বনভূমি অবৈধভাবে দখল করে চিংড়িঘেরের বাঁধ নির্মাণের কাজ শুরু করে। পরদিন খবর পেয়ে বনকর্মীরা গিয়ে বাধা দিলেও তা উপেক্ষা করে তারা ঘের নির্মাণের কাজ চালিয়ে নেয়। পরে তোফাজ্জল হোসেন ১৩ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় একটি মামলা করেন।তোফাজ্জল হোসেন গত শনিবার দুপুরে প্রথম আলোকে জানান, তিনি স্থানীয় প্রভাবশালী মুজিবুর রহমান ও আমান উল্লাহসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা করার পর এক সপ্তাহ ধরে বাঁধের নির্মাণকাজ বন্ধ থাকে। কিন্তু গত বৃহস্পতিবার থেকে তারা আবারও প্যারাবন কেটে নির্মাণকাজ চালাচ্ছে। এরই মধ্যে ১০ একর জায়গার প্যারাবনের প্রায় ২৫ হাজার চারা নষ্ট করে দিয়েছে। এক হাজার বাইনগাছ কেটে চিংড়িঘেরের বাঁধ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, মামলা করায় আসামিরা প্রতিনিয়ত তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। ভয়ে তিনি বড়দিয়া এলাকায় যেতে পারছেন না।মামলার তদন্তকারী কর্মকর্তা ও মহেশখালী থানার উপপরিদর্শক (এসআই) সেকান্দার আলী প্রথম আলোকে জানান, ঘটনাস্থলে গিয়ে প্যারাবন কেটে চিংড়িঘেরের বাঁধ নির্মাণ করার অভিযোগের সত্যতা মিলেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।গোরকঘাটার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর ইকবাল প্রথম আলোকে জানান, ওই ভূমিদস্যূদের বিরুদ্ধে এর আগে বন বিভাগ সাতটি মামলা করলেও তাদের দমন করা যাচ্ছে না।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন জানান, ভূমিদস্যুদের গ্রেপ্তার ও নির্মাণাধীন বাঁধ কেটে দিয়ে চিংড়িঘের উচ্ছেদ করার জন্য বন বিভাগ ও থানা পুলিশকে তিনি নির্দেশ দিয়েছেন।কক্সবাজারের উপকূলীয় বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক ভূঁইয়া জানান, জনবল-সংকটের কারণে ভূমিদস্যুদের কবল থেকে বন বিভাগের জায়গা রক্ষা করা যাচ্ছে না। অচিরেই প্রশাসন, র‌্যাব, পুলিশ ও কোস্ট গার্ডের সহযোগিতায় বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে চিংড়িঘেরের বাঁধ উচ্ছেদ করে বন বিভাগের জায়গা দখলমুক্ত করা হবে বলে তিনি জানান।