মহেশখালীতে প্যারাবন নিধন চলছে!
বনকর্মীদের বাধা উপেক্ষা করেই কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকায় রাতের আঁধারে প্যারাবন নিধন চলছে। পরিবেশ ধ্বংস করেই স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রায় দেড় শ একরের চিংড়িঘের নির্মাণ করার লক্ষ্যে ইতিমধ্যে প্যারাবনের পাঁচ হাজারের অধিক গাছ কেটে ফেলেন। সর্বশেষ গত সোমবার রাতে প্যারাবন নিধন করার সময় বনকর্মীরা বাধা দিলেও কোনো কাজ হয়নি। পরিবেশ অধিদপ্তরের সহযোগী সংস্থা সুখী বাংলা ফাউন্ডেশনের জীববিদ সংরক্ষক আবদুল কাইয়ুম বলেন, প্রায় দেড় শ একরের মতো চিংড়িঘের করার জন্য প্রভাবশালী ব্যক্তিরা কয়েক মাস ধরে প্যারাবন উজাড় করছেন। অবৈধ দখলদারদের পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কয়েকবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও কোনো কাজ হয়নি। স্থানীয় ঘটিভাঙ্গা বিট কর্মকর্তা আলাউদ্দিন বলেন, অবৈধভাবে চিংড়িঘের করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী সাজেদুল করিমের লোকজন দিনদুপুরে প্যরাবন নিধন করার সময় কয়েকবার বনকর্মীরা বাধা দেন। পরে কৌশলে ভূমিদস্যুরা রাতের আঁধারে প্যারাবনের গাছ কাটা শুরু করে। তবে এ নিয়ে জানতে চাইলে সাজেদুল করিম বলেন, চিংড়ি চাষ করার লক্ষ্যে প্রায় ৭৫ লাখ টাকা সরকারকে রাজস্ব দিয়ে ২০০৫ সালে প্রায় দেড় শ একর সরকারি খাসজমি ইজারা নেওয়া হয়। পরে ওই জমিতে চিংড়ি চাষের জন্য বাঁধ নির্মাণ করতে গেলে বনকর্মীরা টাকা দাবি করেন। কিন্তু টাকা না পাওয়ার কারণে বনকর্মীরা এতে বাধা দিচ্ছেন। উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা মোহামঞ্চদ জাহাঙ্গীর ইকবাল বলেন, ইতিমধ্যে প্যারাবন নিধন করে নতুন করে চিংড়িঘেরের বাঁধ নির্মাণ করার অভিযোগে স্থানীয় প্রভাবশালী সাজেদুল করিমের অন্যতম সহযোগী আবদুল মালেকসহ পাঁচজনের বিরুদ্ধে বন ও পরিবেশ আইনে আদালতে পৃথক তিনটি মামলা করা হয়েছে। এর পরও লোকবল-সংকটের কারণে ভূমিদস্যুদের কবল থেকে প্যারাবন রক্ষা করা যাচ্ছে না।