মহেশখালীতে প্রকাশ্যে চলছে পাহাড় কাটা
কক্সবাজারের মহেশখালী উপজেলায় টানা বৃষ্টিপাতের মধ্যেও পাহাড় কাটার ‘ধুম’ পড়েছে। স্থানীয় লোকজন ঘরবাড়ি ও পানের বরজ তৈরি করার জন্য প্রকাশ্যে পাহাড় কেটে মাটি নিয়ে গেলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার পর বড় মহেশখালী, হোয়ানক, কালারমারছড়া ও শাপলাপুর ইউনিয়নে নির্বিচারে পাহাড় কাটা শুরু হয়। স্থানীয় বাসিন্দারা বলেছেন, যারা এর সঙ্গে জড়িত, তারা প্রভাবশালী। তাই কেউ তাদের বাধা দিতে পারছে না।গত রোববার সরেজমিনে দেখা গেছে, হোয়ানক ইউনিয়নের পানিরছড়া, কেরুনতলী এবং কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা ও ছালিয়াতলী এলাকায় পাহাড় কাটা চলছে। এ ছাড়া শাপলাপুর ইউনিয়নের জেমঘাট বাজারের উত্তরে শাকের মোহাম্মদ কাটা ও চিকনীরপথ এলাকায় পানের বরজ তৈরি করতে প্রভাবশালী ব্যক্তিরা পাহাড় কাটছে। মাটি দিয়ে জেমঘাট বাজার এলাকায় দোকানের জমি ভরাট করা হচ্ছে।শাকের মোহাম্মদ কাটার বাসিন্দা জসিম উদ্দিন, আনোয়ার হোসেন ও আবদুল জলিল প্রথম আলোকে জানান, পাহাড়ের মাটি কেটে তা বাইরে নিয়ে বিক্রিও করছে কেউ কেউ। তবে তাঁরা পাহাড় কাটার সঙ্গে জড়িত কারও নাম প্রকাশ করতে চাননি। কালারমারছড়া ইউনিয়নের ছালিয়াতলীর বাসিন্দা সুলাইমান বলেন, বন বিভাগের লোকজন কোনো ব্যবস্থা না নেওয়ায় জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে।মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ খালেদ মাহমুদ প্রথম আলোকে বলেন, মহেশখালীর পাহাড় রক্ষা করার দায়িত্ব বন বিভাগের। কিন্তু বন বিভাগের লোকজন পাহাড় রক্ষা করতে পারছে না।বন বিভাগের শাপলাপুর বিট কর্মকর্তা মোহাম্মদ মহসিন হাওলাদার বলেন, গত বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত পাহাড় কাটার অভিযোগে শাপলাপুর ইউনিয়ন থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে।উপকূলীয় বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা বজলুর রহমান প্রথম আলোকে বলেন, বন বিভাগের প্রায় ছয় হাজার একর এলাকার পাহাড় দখল করে স্থানীয় লোকজন বসতি ও পানের বরজ গড়ে তুলেছে।মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, তাঁরা পাহাড় কাটা ঠেকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।