মহেশখালীতে প্রতিপক্ষের হাতে নূর বাহিনীর সদস্য খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলায় জিয়া বাহিনীর সন্ত্রাসীরা নূর বাহিনীর সদস্য মৌলভী আবদুল গফুরকে (৩২) কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পরপরই নূর বাহিনীর সদস্যরা জিয়া বাহিনীর এক সদস্যের বাড়িতে হামলা চালায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়। গত শনিবার রাতে কালারমারছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে কালারমারছড়া ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে ওই দুই বাহিনীর মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। তাদের মধ্যে একাধিকবার বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে নূর বাহিনীর প্রধান ছৈয়দ নূর র‌্যাবের ক্রসফায়ারে নিহত হন। আর জিয়া বাহিনীর প্রধান কালারমারছড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি জিয়াউর রহমান জিয়া হত্যাসহ প্রায় ২০টি মামলায় কারাগারে আটক রয়েছেন। দুই নেতার অবর্তমানে ওই দুই বাহিনীর অন্য সদস্যরা বিভিন্ন সময় এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছে। শনিবার রাতে নূর বাহিনীর অন্যতম সদস্য ওই ইউনিয়নের গফুর একই এলাকায় তাঁর খালাশাশুড়ির বাড়িতে দাওয়াত খেতে যান। খবর পেয়ে রাত ১১টার দিকে জিয়া বাহিনীর লোকজন ওই বাড়িতে হামলা চালিয়ে গফুরকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে নূর বাহিনীর সদস্যরা ফকিরজোমপাড়ায় জিয়া বাহিনীর সদস্য বজলের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। শব্দ পেয়ে স্থানীয় কালারমারছড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। কালারমারছড়া ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুর রউফ প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীদের লক্ষ্য করে পুলিশ পাঁচটি গুলি ছোড়ার পর তারা পূর্ব দিকে পাহাড়ের গহিন অরণ্যে আশ্রয় নেয়। অনেক চেষ্টা করেও তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গতকাল সকালে গফুরের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির প্রথম আলোকে বলেন, গফুর নূর বাহিনীর অন্যতম সদস্য। তাঁর বিরুদ্ধে বিএনপির নেতা জবল হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।