মহেশখালীতে প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় এক সালিসি বৈঠকে প্রতিপক্ষের লোকজনের হামলায় আওয়ামী লীগের কর্মী আবু বক্কর (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকার পুটিবিলার বাসিন্দা ও পৌর আওয়ামী লীগের সদস্য আবু বক্করের সঙ্গে পাশের কুতুবজোম ইউনিয়নের ধৈলারপাড়া সালাহ উদ্দিনের মধ্যে জমি নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে আবু বক্কর কুতুবজোম ইউনিয়নের ধৈলারপাড়ার কালামিয়া বাজারের আবদুল হকের চায়ের দোকানে ভেতরে স্থানীয় সালিসি বৈঠকে গেলে প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালান। এতে একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন বক্করের মাথায় রডের আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে সালিস বৈঠকের লোকজন রিকশাযোগে বক্করকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নিজামউদ্দিন তাঁকে মৃত ঘোষণা করেন।