কক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল শনিবার বিকেলে প্রতিপক্ষের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের পাঁচজনকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হামলা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, অনেক দিন ধরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামে দিলদার বেগম ও ওচমান গণির মধ্যে জায়গাজমি নিয়ে বিরোধ চলছিল। গতকাল বিকেলে দিলদার বেগম কয়েকজন শ্রমিক নিয়ে জমিতে আমন চাষ করার জন্য বীজতলা তৈরি করতে গেলে ওচমান গণি বাধা দেন। একপর্যায়ে ওচমান দলবল নিয়ে ওই জমি দখল করতে গেলে দিলদার বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওচমান ও তাঁর লোকজন দিলদারের ওপর হামলা চালায়। তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে ওচমানের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে দিলদারসহ তাঁর পক্ষের ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দিলদার বেগম (২৪), রাবিয়া বেগম (২২), ছেনোয়ারা বেগম (৪১), রহিম উল্লাহ (২৩) ও আলা উদ্দিনকে (২৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দিলদার গতকাল সন্ধ্যায় মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। মহেশখালী থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শওকত হোসেন বলেন, অভিযোগ তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।