মহেশখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতি নিহত ১
কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত রোববার রাত দুইটার দিকে একদল ডাকাত এক প্রবাসীর বাড়িতে ডাকাতি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় ডাকাত দল ২৫ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ সময় তাদের হামলায় আহত হয়েছেন ওই প্রবাসীর বাড়ির গৃহকর্তা নুরুল ইসলামসহ চারজন। পরে এলাকাবাসী ধাওয়া করে অস্ত্রসহ আবুল কাসেম (৩৫) নামের এক ডাকাতকে আটক করে বেধড়ক মারধর করলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ধলঘাটা ইউপি সদস্য নবীর হোসেন জানান, রোববার রাত দুইটার দিকে ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত উপজেলার ধলঘাটা ইউনিয়নের উত্তর মুহুরিঘোনা সৌদিপ্রবাসী নুরুল ইসলামের বাড়িতে হামলা চালায়।
ডাকাত দলের সদস্যরা দরজা ভেঙে ওই বাড়ির ভেতরে ঢুকে গৃহকর্তা,তাঁর স্ত্রী রোকেয়া বেগম ও ভাই সিরাজুল ইসলামকে বেধড়ক মারধর করে ২৫ ভরি স্বর্ণালংকার ও এক লাখ টাকা লুট করে নিয়ে যায়।
এ সময় ডাকাতদের হামলায় গৃহকর্তা নুরুল ইসলামসহ চারজন আহত হন। পরে ডাকাত দলের সদস্যরা ফাঁকা গুলিবর্ষণ করে পূর্ব দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকাবাসী জড়ো হয়ে তাদের ধাওয়া করে। এতে লবণের একটি গর্তে আটকা পড়লে দেশীয় তৈরি অস্ত্রসহ আবুল কাসেমকে এলাকাবাসী আটক করে।
পরে এলাকাবাসী তাঁকে ধরে প্রবাসীর বাড়ির ওঠানে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। ভোররাত চারটার দিকে ঘটনাস্থলে কাসেম মারা যান।
এ নিয়ে গতকাল সন্ধ্যায় বসতবাড়িতে ডাকাতির অভিযোগ এনে প্রবাসীর স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে মহেশখালী থানায় একটি মামলা করেন।
মাতারবাড়ির পুলিশ ফাঁড়ির দায়িত্বরত সহকারী উপপরিদর্শক সোহরাব হোসেন বলেন, খবর পেয়ে ভোর সাড়ে পাঁচটায় ঘটনাস্থল প্রবাসীর বাড়ির সামনে ওঠানে গিয়ে পুলিশ একটি দেশীয় তৈরি অস্ত্রসহ কাসেমের লাশ দেখতে পায়।
মহেশখালীর কালারমারছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক শাহ নেওয়াজ বলেন, কাসেম এলাকার চিহ্নিত ডাকাত। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।
ঘটনাস্থলে ঘুরে এসে গতকাল সোমরাত রাত আটটায় মুঠোফোনে সিনিয়র সহকারী পুলিশ সুপার খালেদ উজ জামান প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে প্রবাসীর বাড়ি ডাকাতি হওয়ার ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। ফলে ডাকাতির ঘটনাটি উদ্ঘাটন হলেই আসল রহস্য বেরিয়ে আসবে।