মহেশখালীতে প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ
কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারের বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় নির্মাণ প্রকল্পের আওতায় এই বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু হয় ২০১৩ সালে। এক বছরের মধ্যে ভবন নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও গত আড়াই বছরে মাত্র ৪০ ভাগ কাজ শেষ হয়েছে। কাজের ধীরগতির পাশাপাশি ঠিকাদার নকশা অনুযায়ী কাজ করেননি বলে অভিযোগ আছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস জানান, ঠিকাদার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ছাদ ঢালাই করেননি। ছাদ ঢালাই করার আগে নিয়ম অনুযায়ী চৌকাঠ (লিনটেল) ঢালাই দেওয়ার কথা। সেটি না করেই তিনি সরাসরি ছাদ ঢালাই করেছেন। এ কারণে ইতিমধ্যে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে নোটিশ দেওয়া হয়েছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, গ্রামীণ এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে সরকার ২০১১ সালে সারা দেশে বিদ্যালয়বিহীন গ্রামে দেড় হাজার বিদ্যালয় স্থাপন করার জন্য উদ্যোগ নেয়। তার মধ্যে মহেশখালীতে বিদ্যালয়বিহীন পাঁচটি গ্রামে বিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় এ জন্য দুই কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দেয়। এর মধ্যে গোরকঘাটা সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য ৬০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।
গত ৩০ মার্চ সরেজমিনে দেখা যায়, সিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মাণকাজ বন্ধ রয়েছে। একতলা বিশিষ্ট এ ভবনের ছাদ নির্মিত হলেও চারপাশে দেয়াল নির্মাণ করা হয়নি। এ ছাড়া নকশা অনুযায়ী ভবনে চৌকাঠও ঢালাই করা হয়নি। ভবনের কাজ ত্রুটিপূর্ণ হওয়ায় এর স্থায়িত্ব নিয়েও শঙ্কা তৈরি হয়েছে বলে মনে করেন উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস। এ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে গত ৭ মার্চ উপজেলা এলজিইডির পক্ষ থেকে ঠিকাদার ফরিদুল আলমকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ঠিকাদার ঠিকাদার ফরিদুল আলম বলেন, ‘আমি নকশা মেনেই কাজ করেছি। কাজে কোনো অনিয়ম হয়নি। কিছুদিনের মধ্যে নকশা অনুযায়ী সম্পূর্ণ কাজ শেষ হবে।’ ১৪ মার্চ কারণ দর্শানোর নোটিশেরও জবাব দিয়েছেন বলে জানান তিনি।
জানতে চাইলে উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস বলেন, ‘নোটিশের জবাব আমরা পেয়েছি। তবে এতে এলজিইডি কর্তৃপক্ষ সন্তুষ্ট নয়। কর্তৃপক্ষকে না জানিয়ে নিজের মতো করে তিনি আবার চৌকাঠ ঢালাই করেছেন বলে শুনেছি। সেটি যথাযথ না হলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’