মহেশখালীতে বনকর্মী ও বনদস্যুর সংঘর্ষ, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্যারাবনের গাছ কাটাকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত সোমবার গভীর রাতে স্থানীয় বনকর্মী ও বনদস্যুদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় দুই বনদস্যুকে আটক করা হয়।উপকূলীয় বন বিভাগের গোরকঘাটা রেঞ্জ সূত্র জানায়, সোমবার রাত ১২টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা মৌজার ভোষখালী খালের পশ্চিমে সংরক্ষিত বনের ভেতরে গিয়ে একদল বনদস্যু অবৈধভাবে চিংড়ি ঘের করার জন্য সৃজিত প্যারাবন থেকে গাছ কাটতে শুরু করে। পরে খবর পেয়ে স্থানীয় বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাতে বাধা দেন। এতে বনদস্যুরা ক্ষিপ্ত হয়ে বনকর্মীদের ওপর হামলা চালালে তাঁরাও পাল্টা হামলা চালায়। একপর্যায়ে বনকর্মী ও বনদস্যুদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় ধাওয়া করে বনকর্মীরা জাকির হোসেন (৩০) ও নবী হোসেন (৩৫) নামের দুই বনদস্যুকে আটক করেন। পরে দুই বনদস্যুকে ছিনিয়ে নিতে তাদের সহকর্মীরা বনকর্মীদের ওপর আবার হামলা চালানোর চেষ্টা করে। এ সময় বনকর্মীরা কয়েকটি ফাঁকা গুলিবর্ষণ করলে দস্যুরা পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয় ঘটিভাঙ্গা বিট কর্মকর্তা আলাউদ্দিন বাদী হয়ে বনদস্যুদের বিরুদ্ধে মহেশখালী জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বন আইনে মামলা করেন। স্থানীয় বিট কর্মকর্তা আলাউদ্দিন জানান, অবৈধভাবে চিংড়ি ঘের করার জন্য বনদস্যুরা সৃজিত প্যারাবন থেকে কমপক্ষে দুই হাজার বাইন ও নুন্যা গাছ কেটে ফেলেছে।