মহেশখালীতে বনভূমি উদ্ধারের এক দিন পর আবারও দখল
কক্সবাজারের মহেশখালী উপজেলার বড়দিয়ায় প্রায় ১০০ একর বনভূমি উদ্ধারের এক দিন পর গত বৃহস্পতিবার প্রভাবশালী ব্যক্তিরা আবারও দখল করে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার ওই বনভূমি উদ্ধার করা হয়েছিল।বুধবার উপকূলীয় বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ এনামুল হক ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে চিংড়িঘেরের জন্য নির্মাণাধীন বাঁধ কেটে দেওয়া হয় এবং বন বিভাগের প্রায় ১০০ একর জায়গা উদ্ধার করা হয়।বড়দিয়ার বিট কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, উচ্ছেদের এক দিন পরই প্রভাবশালী ব্যক্তিরা ওই বনভূমি আবার দখল করে নিয়েছেন।উল্লেখ্য, সরকারি বনভূমিতে অবৈধভাবে প্রবেশ করে চিংড়িঘেরের বাঁধ পুনর্নির্মাণ ও প্যারাবন নষ্ট করার অভিযোগে গত ২০ নভেম্বর ১৩ জনের বিরুদ্ধে মামলা করে বন বিভাগ। ওই মামলার আসামি আমান উল্লাহ বলেন, ‘কয়েক বছর ধরে ওই জমি ভোগদখল করে চিংড়ির চাষ করে আসছি। কিন্তু এ বছর শুষ্ক মৌসুমে চিংড়িঘেরের বাঁধ সংস্কার করতে গেলে কোনো কারণ ছাড়াই বন বিভাগের বড়দিয়ার বিট কর্মকর্তা বাধা দেন এবং টাকা দাবি করেন।’ তবে টাকা দাবির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন ওই বিট কর্মকর্তা।উপকূলীয় বন সংরক্ষক (এসিএফ) মোহাম্মদ এনামুল হক ভূঁইয়া বলেন, বনভূমি দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।