মহেশখালীতে বন্দুক ও কার্তুজসহ চারজন গ্রেপ্তার
কক্সবাজারের মহেশখালী উপজেলার গহিন বনে গতকাল সোমবার অভিযান চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি দেশি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন আজিজুল হক, নূর আহমদ, মোহাম্মদ সাইফুল ও মোহাম্মদ সাগর। পুলিশের দাবি, তাঁরা বিভিন্ন মামলার পলাতক আসামি।মহেশখালী থানার পুলিশের ভাষ্যমতে, উপজেলার কালারমারছড়া ইউনিয়নে পাহাড়ের গহিন বনে সন্ত্রাসীদের গ্রেপ্তারে পাঁচটি ভাগে বিভক্ত হয়ে পুলিশ অভিযান চালায়। গতকাল সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আস্তানা থেকে একটি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।এ বিষয়ে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জিত বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘ছয়টি পাহাড় ঘেরাও করে অভিযান চালানো হয়েছে। এ সময় সন্ত্রাসী বজলার আস্তানা থেকে একটি দেশি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলার পলাতক আসামি চার সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।’