কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত রোববার রাতে দুর্বৃত্তরা বসতবাড়িতে হামলা চালিয়ে পাঁচ ভরি স্বর্ণালংকার, টাকাসহ প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পরে দুর্বৃত্তরা ফাঁকা গুলি বর্ষণ করে গৃহকর্তা গোলাম সুলতানকে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের ২৩ ঘণ্টা পর গতকাল সোমবার রাত নয়টার দিকে অপহৃত সুলতানকে উদ্ধার করে পুলিশ।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে একদল দুর্বৃত্ত উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের মাইজপাড়া গোলাম সুলতানের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা বসতবাড়ির ভেতরে ঢুকে আলমিরা ভেঙে গোলাম সুলতানের মেয়ের বিয়ে উপলক্ষে কেনা পাঁচ ভরি স্বর্ণালংকার, ৬০ হাজার টাকার কাপড় ও এক লাখ পাঁচ হাজার টাকা লুট করে নিয়ে যায়। চলে যাওয়ার সময় তাঁরা ফাঁকা গুলি বর্ষণ করে বসতবাড়ির গৃহকর্তা গোলাম সুলতানকে অপহরণ করে নিয়ে যায়। গোলাম সুলতানের ছেলে শফিউল আলম বাদী হয়ে গতকাল বিকেলে স্থানীয় ছোট মহেশখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলামসহ ১০ জনের বিরুদ্ধে মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ করে।
এদিকে এ ঘটনা জানার পর রোববার গভীর রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রথমে আবু বক্কর ও শওকত ওসমান নামের দুই যুবককে আটক করে। পরে একই অভিযোগে গতকাল সোমবার বিকেলে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনার নিজ বাড়ি থেকে পুলিশ আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলামকে আটক করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, অপহরণের ২৩ ঘণ্টা পর গোলাম সুলতানকে পাহাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে আটক করা হয়।