মহেশখালীতে বসতবাড়িতে দুর্বৃত্তদের হামলা, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে গতকাল বুধবার ভোরে একদল দুর্বৃত্ত নয়টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ সময় দুর্বৃত্তদের হামলায় সাতজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ।এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার ধলঘাটা ইউনিয়নের দক্ষিণ মুহুরীঘোনা এলাকায় গতকাল ভোরে একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ ওরফে বাচ্চুর বাড়ির আশপাশের নয়টি বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় দুর্বৃত্তদের মারধরে চারজন আহত হন। পরে দুর্বৃত্তরা ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা চালানোর চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে পালিয়ে যায়। এ সময় আসমা খাতুন (৫০), নুরুল আবছার (২৮) ও আবদুল মন্নান (২২) গুলিবিদ্ধ হন। সকালে চৌকিদারেরা ঘটনাস্থল থেকে ১৫টি গুলির খোসা উদ্ধার করেন। গতকাল সকালে মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির সহকারী উপপরির্দশক (এএসআই) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বসতবাড়িতে দুর্বৃত্তদের হামলার সত্যতা পাওয়া গেছে।ধলঘাটা ইউপির চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ‘স্থানীয় ফজল কাদের তার বাহিনী নিয়ে এলাকায় দীর্ঘ দিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। আমি এতে বাধা দেওয়ায় তাঁরা আমাকে হত্যা করার জন্য বেশ কয়েকবার চেষ্টা চালিয়েছে।’ তিনি বলেন, ‘আমাকে হত্যার উদ্দেশ্যে গতকাল ফজল কাদের বাহিনী এ হামলা চালিয়েছে।’আহসান উল্লাহ জানান, গুলিবিদ্ধ তিনজনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, বুধবার রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তিনি বলেন, এর পরও কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা বের করার চেষ্টা চলছে।