মহেশখালীতে বাড়িতে ঢুকে গুলি করে বৃদ্ধকে হত্যা
কক্সবাজারের মহেশখালীতে গতকাল রোববার ভোরে সন্ত্রাসীরা বাড়িতে হামলা চালিয়ে নূর হোসেন (৬৫) নামে এক বৃদ্ধকে গুলি করে হত্যা করেছে। এ সময় আহত হয়েছেন তাঁর স্ত্রী। এ ঘটনায় গতকাল রাত আটটা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা ও খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার হোয়ানক ইউনিয়নের পূর্ব পুইছড়ি এলাকার আবদুল আজিজ ও রশিদ আহমদের মধ্যে পাহাড়ি এলাকার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়েছে। গত শনিবার সকালে রশিদের লোকজন আজিজের ছোট ভাই আবদুর রাজ্জাককে (২৫) গুরুতর আহত করে।ওই ঘটনার জের ধরে গতকাল ভোরে আজিজের নেতৃত্বে তাঁর লোকজন রশিদের বাড়িতে হামলা চালায়। একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে রশিদের বাবা নূর হোসেন নিহত হন। এ সময় আহত হন তাঁর স্ত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলোকে জানান, নূর হোসেন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্ট চলছে।