মহেশখালীতে ব্যবসায়ীকে ফের অপহরণের হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কামাল উদ্দিন নামের এক ব্যবসায়ীকে ডাকাতেরা ফের অপহরণের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ এনে কামাল উদ্দিন গতকাল রোববার মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ছাড়া মামলা তুলে নেওয়ার জন্য আসামির লোকজন কামালের পরিবারের ওপর চাপ সৃষ্টিসহ নানা ধরনের হুমকি-ধমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

কামালের পারিবারিক সূত্রে জানা গেছে, ৫ জুন গভীর রাতে উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের সাইরারডেইল এলাকায় পুলিশ পরিচয় দিয়ে একদল ডাকাত বসতবাড়িতে হামলা চালিয়ে ব্যবসায়ী কামাল উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরে বাঁশখালীর পেশাদার ডাকাতেরা কামালের পরিবারের কাছ থেকে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। কিন্তু দাবিকৃত মুক্তিপণ না পেয়ে ডাকাতেরা কামালকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনোয়া ইউনিয়নের কবির সিকদারপাড়া এলাকার একটি বাড়িতে আটকে রাখে। পরে ১১ জুন কৌশলে কামাল ওই বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে পার্শ্ববর্তী কাসেম মাস্টারের বাড়িতে আশ্রয় নেন। কাসেম মাস্টার কামালকে স্থানীয় ছনোয়ার ইউনিয়ন পরিষদে হস্তান্তর করেন।