মহেশখালীতে ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির অভিযোগ
কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল বাইরে কালোবাজারে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে কালারমারছড়া ইউনিয়নের জন্য ৩৬ মেট্রিক টন ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়। গরিব, দুস্থ ও অসহায়দের মাঝে ১০ কেজি করে এ চাল বিতরণ করার কথা। কিন্তু গত বুধবার চাল বিতরণ করা হয় ১০ কেজির স্থলে পাঁচ-ছয় কেজি।উত্তরনলবিলার বাসিন্দা আবুল কালাম ও রহিম বকস জানান, গত বুধবার ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল ১০ কেজির স্থলে পাঁচ-ছয় কেজি করে বিতরণ করা হয়। কিন্তু ১০ কেজি করে চাল কেন দেওয়া হচ্ছে না, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে জানতে চাইলে ধমক দিয়ে জানান, ভিজিএফের চাল বাইরে বিক্রি করায় চাল বিতরণ করতে গিয়ে সংকট দেখা দেয়। এতে অন্তত ৫০ জন ভিজিএফ কার্ডধারী চাল না পেয়ে খালি হাতে বাড়িতে ফিরে গেছে। এ নিয়ে গতকাল মুঠোফোনে কথা হলে কালারমারছড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম বলেন, ‘আমি কোনো চাল বাইরে বিক্রি করিনি। ১০ কেজির স্থলে নয় কেজি করে চাল বিতরণ করা হয়েছে। কিছু মেম্বার আমাকে হয়রানি করার জন্য নানাভাবে ষড়যন্ত্র করছে।’ মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার বলেন, ভিজিএফের চাল বিতরণে কম দেওয়ার অভিযোগ বিভিন্নজনের কাছ থেকে শুনেছি। এ নিয়ে কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করেই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।