মহেশখালীতে ভিজিডির চাল কম দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নে গতকাল বুধবার সকালে ভিজিডির চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। পরিষদের অস্থায়ী কার্যালয়ে ভিজিডি কার্ডধারী মহিলাদের দুই মাসের ৬০ কেজি চালের স্থলে ৫৩ থেকে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হয়। এতে দুস্থ ও অসহায় মহিলারা ক্ষোভ প্রকাশ করেছেন। উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, কুতুবজোম ইউনিয়নের অসহায় ও দুস্থ মহিলাদের জন্য গত বছর জানুয়ারি মাসে ১৭৫টি ভিজিডির কার্ড বিতরণ করা হয়। প্রতিটি কার্ডে মাসে ৩০ কেজি চাল বিতরণ করার কথা। আর গত জুলাই ও আগস্ট মাসে এ ইউনিয়নের জন্য সাড়ে ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয় এবং প্রতি কার্ডে দুই মাস মিলে ৬০ কেজি করে চাল বিতরণ করার কথা। গতকাল বুধবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, কার্ডধারীকে দুই মাসে ৬০ কেজির স্থলে ৫৩ থেকে ৫৬ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। পরে তদারকি কর্মকর্তারা উপস্থিত হলে ৫৮ কেজি করে চাল বিতরণ করা হয়। তবে চাল কম দেওয়ার বিষয়ে অসহায় নারীরা পরিষদে যোগাযোগ করলে চেয়ারম্যানের লোকজন তাঁদের উল্টো ধমক দেন। গতকাল দুপুর ১২টার দিকে ওজনে ঠিক আছে কি না, তা যাচাই করতে অস্থায়ী পরিষদের কার্যালয়ের পূর্ব পাশে একটি মুদির দোকানে যান সরকারিভাবে নিয়োজিত তদারকি দুজন কর্মকর্তা। তাঁরা ভিজিডির কার্ডধারী দুজন মহিলা মোহছেনা বেগম ও দিলদার বেগমের চাল ওজন করে দেখেন। এতে দেখা যায়, ৬০ কেজির স্থলে দিলদার ৫৩ কেজি ও মোহছেনা ৫৬ কেজি চাল পেয়েছেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন ওই দুজন কর্মকর্তা। কুতুবজোম ইউনিয়নের খোন্দকারপাড়ার বাসিন্দা দিলদার বেগম বলেন, তিনি এবার ৬০ কেজির স্থলে ৫৩ কেজি চাল পেয়েছেন। এর আগে আরও কম দিলেও তা প্রতিবাদ করে কোনো কাজ হয়নি। ভিজিডির চাল বিতরণ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করে মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী আবদুল মালেক বলেন, ‘৬০ কেজি করে চাল বিতরণ করতে চেয়ারম্যানকে বলেছিলাম। কিন্তু চেয়ারম্যানের লোকজন তার স্থলে ৫৬ কেজি করে চাল বিতরণ করেছে।’ এতে নানা অনিয়ম হয়েছে বলে তিনি দাবি করেন। তবে ঘটনাস্থলে দেখা হয় তদারকি কর্মকর্তা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমদের সঙ্গে। তিনি বলেন, ‘চাল বিতরণের সময় যতক্ষণ উপস্থিত থাকি, ততক্ষণ ঠিকমতো চাল বিতরণ করে। আর কাজের জন্য পরিষদের একটু বাইরে গেলে চেয়ারম্যানের লোকজন ওজনে কম দেন।’ চাল কম দেওয়ার অভিযোগ অস্বীকার করেন কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শফিউল আলম। তিনি বলেন, ৬০ কেজির স্থলে ৫৯ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘চাল বিতরণে কম দেওয়ার কথা বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত করেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’