মহেশখালীতে ভিজিডির চাল পাচ্ছেন না দুস্থ নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ও ধলঘাট ইউনিয়নের দুস্থ নারীরা ভিজিডির চাল পাচ্ছেন না। প্রতি মাসের চাল পরবর্তী মাসের প্রথম সপ্তাহের মধ্যে কার্ডধারী নারীদের মাঝে বিতরণ করার নিয়ম। তবে গত চার মাস ধরে কোনো চালই পাননি এই দুই ইউনিয়নের দুস্থ নারীরা। চাল বিতরণ না হওয়ায় দুস্থ নারীরা সংকটে পড়েছেন।
উপজেলা মহিলাবিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে দুস্থ নারী উন্নয়ন কর্মসূচির আওতায় এ এলাকার অসহায় দুস্থ নারীদের জন্য ১ হাজার ৯৪৮টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। তার মধ্যে মাতারবাড়ী ইউনিয়নে ৩০০টি, ধলঘাটে ১০২টি, কালারমারছড়া ইউনিয়নে ৩৫০টি, শাপলাপুরে ২১৪টি, হোয়ানকে ৩৪০টি, বড় মহেশখালী ইউনিয়নে ৩০১টি, কুতুবজোমে ১৭৫টি ও ছোট মহেশখালী ইউনিয়নে ১৬৬টি কার্ড বিতরণ করা হয়। প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে স্থানীয় চেয়ারম্যানেরা চাল উত্তোলন করে ভিজিডি কার্ডধারী প্রত্যেক দুস্থ মহিলাকে ৩০ কেজি করে চাল বিতরণ করার কথা। মাসের প্রথম সপ্তাহের উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে প্রতিবেদন দাখিল করারও নিয়ম রয়েছে। কিন্তু মাতারবাড়ী ও ধলঘাট ইউনিয়নে গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে ভিজিডির চাল বিতরণ করা হয়নি।
ধলঘাট ইউনিয়নের সরইতলার বাসিন্দা মনজুরা বেগম বলেন, ‘যে মাসের চাল সে মাসে বিতরণ করলে সংসারে অভাব থাকত না। কিন্তু এক মাসের চাল তিন মাস পরও পাচ্ছি না। এ কারণে অনেক সময় না খেয়ে থাকতে হচ্ছে।’
এ বিষয়ে ধলঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, উপজেলা সদরের খাদ্যগুদাম থেকে সমুদ্রপথে এলাকায় ভিজিডির চাল আনতে হয়। কিন্তু আবহাওয়া প্রতিকূলে থাকায় সমুদ্রপথে ভিজিডির চাল আনা সম্ভব হয়নি। আবহাওয়া একটু ভালো হলে ভিজিডির চাল এনে তা দুস্থ নারীদের মাঝে বিতরণ নিশ্চিত করা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার এই দুই ইউনিয়নে চাল বিতরণ না হওয়ার বিষয়টি মহিলাবিষয়ক কর্মকর্তা গত ২৮ এপ্রিল উপজেলার মাসিক সমন্বয় সভায় উত্থাপনও করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে অনুষ্ঠিত সমন্বয় সভায় আগামী এক সপ্তাহের মধ্যে চাল বিতরণ নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন বলেন, অনেকবার বলা হলেও মাতারবাড়ি ও ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভিজিডির চাল নিয়ে যাচ্ছেন না। এ কারণে বিতরণ না হয়ে চালগুলো খাদ্যগুদামে পড়ে আছে।
জানতে চাইলে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম বলেন, কয়েক দিনের মধ্যে দুই ইউনিয়নে ভিজিডির চাল বিতরণ করা হবে।