মহেশখালীতে ভিজিডির চাল বিতরণ হয়নি দুই মাসেও!
তালিকা চূড়ান্ত না হওয়ায় কক্সবাজারের মহেশখালী উপজেলার আটটি ইউনিয়নে গত দুই মাসেও ভিজিডির চাল বিতরণ করা হয়নি। এ কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন উপকারভোগী এসব দুস্থ নারী। এ ছাড়া বিভিন্ন এলাকায় ভিজিডির উপকারভোগীদের তালিকা তৈরিতে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৩-১৪ সাল পর্যন্ত দুই বছরের জন্য ‘ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট’ (ভিজিডি) কর্মসূচির আওতায় মহেশখালী উপজেলার আটটি ইউনিয়নের জন্য এক হাজার ৯৪৮টি ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়। আর গত বছরের ২৫ ডিসেম্বরের মধ্যে ভিজিডি কর্মসূচির আওতায় উপকারভোগীর তালিকা চূড়ান্ত করে দুস্থ নারীদের ‘ভিজিডি কার্ড’ বিতরণ নিশ্চিত করার কথা।উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী আবদুল মালেক জানান, ইউনিয়ন পরিষদ থেকে দাখিল করা ভিজিডির তালিকা ধরে মাঠপর্যায়ে প্রাথমিক তদন্ত করতে গিয়ে ওই তালিকায় নানা অনিয়ম ধরা পড়ে এবং ১৫০ জনের নাম চিহ্নিত করা হয়েছে। তাই তালিকা থেকে ওই সব নাম বাদ দিয়ে পুনরায় তালিকা জমা দেওয়ার জন্য ইতিমধ্যে চার ইউপি চেয়ারম্যানকে চিঠি দেওয়া হয়েছে। তিনি বলেন, এখনো তালিকা তৈরির কাজ শেষ না হওয়ায় দুই মাসেও উপকারভোগীদের মধ্যে ভিজিডির চাল বিতরণ করা সম্ভব হয়নি। কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা শফিউল আলম বলেন, যাচাই-বাছাই করে সঠিকভাবে ভিজিডির তালিকা তৈরি করতে সব ইউপি সদস্যকে নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু অনেক ইউপি সদস্য তালিকা তৈরি করতে গিয়ে নানা অনিয়মের আশ্রয় নেন। পরে যাচাই করে তালিকা থেকে এসব নাম বাদ দিয়ে নীতিমালা অনুযায়ী পুনরায় তালিকা তৈরি করে মহিলাবিষয়ক অফিসে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, মাঠপর্যায়ে ভিজিডির তালিকা যাচাই-বাছাইয়ের কাজ চলছে। তবে কয়েক দিনের মধ্যে ভিজিডির তালিকা চূড়ান্ত করেই অসহায় দুস্থ নারীদের মধ্যে চাল বিতরণ নিশ্চিত করা হবে বলে তিনি জানান।