মহেশখালীতে ভিজিডির তালিকা চূড়ান্ত হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার আট ইউনিয়নে ভিজিডির তালিকা চূড়ান্ত হয়নি এখনো। অথচ গত মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের উপকারভোগী নারীদের তালিকা চূড়ান্ত করার কথা ছিল।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০১৭-১৮ সময়কালের দুই বছরের জন্য ভিজিডি কর্মসূচির আওতায় উপজেলার আটটি ইউনিয়নের জন্য ২ হাজার ৪৪৮টি কার্ড বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে মাতারবাড়ি ইউনিয়নে ৩৬২টি, ধলঘাটা ১৬৫, কালারমারছড়া ৪১৪, শাপলাপুর ২৭৬, হোয়ানক ৪০২, বড় মহেশখালী ৩৬৩, কুতুবজোম ২৩৭ এবং ছোট মহেশখালী ইউনিয়নে ২২৯টি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। গত ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের উপকারভোগী নারীদের তালিকা চূড়ান্ত করে মহিলাবিষয়ক কর্মকর্তার কাছে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত তালিকা জমা দেওয়া হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা এলাকার এক দুস্থ নারী বলেন, ভিজিডির চূড়ান্ত তালিকা হলে চলতি মাসের প্রথম সপ্তাহে ৩০ কেজি চাল পেতেন। কিন্তু ইউপি চেয়ারম্যানের গাফিলতির কারণে এখনো পর্যন্ত তালিকা চূড়ান্ত হয়নি।
শাপলাপুর ইউপির চেয়ারম্যান নুরুল হক বলেন, গ্রামে গ্রামে সভা করে উপকারভোগী নারীদের চিহ্নিত করতে গিয়ে কিছুটা দেরি হওয়ায় এখনো ভিজিডির চূড়ান্ত তালিকা করা সম্ভব হয়নি। কয়েক দিনের মধ্যে তালিকা চূড়ান্ত করে মহিলাবিষয়ক কর্মকর্তার কাছে জমা দেওয়া হবে।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া বলেন, তালিকা জমা দিতে মুঠোফোনে ইউপি চেয়ারম্যানদের বেশ কয়েকবার বলা হয়েছে। কিন্তু তাঁরা দেব দেব করেও এখনো দেননি। এতে এখনো পর্যন্ত উপকারভোগীদের তালিকা চূড়ান্ত করা সম্ভব হয়নি।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল কালাম বলেন, এ মাসের মধ্যে তালিকা জমা দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানদের বলা হয়েছে।