কক্সবাজারের মহেশখালী উপজেলার উপকূলীয় দ্বীপ ধলঘাটা ও মাতারবাড়ী ইউনিয়নে ঘূর্ণিঝড় আইলায় ভেঙে যাওয়া প্রায় ১২ কিলোমিটার বেড়িবাঁধ গত দুই বছরেও সংস্কার হয়নি। এ কারণে দুর্যোগের হুমকিতে রয়েছে লক্ষাধিক মানুষ।পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ জানায়, বরাদ্দ না পাওয়ার কারণে বাঁধ সংস্কার করা যাচ্ছে না।সরেজমিনে গিয়ে দেখা গেছে, এই দুই ইউনিয়নে প্রায় ১২ কিলোমিটার অরক্ষিত বেড়িবাঁধ সংস্কারের অভাবে পড়ে আছে। এর মধ্যে রয়েছে মাতারবাড়ীর রাজঘাট এলাকার প্রায় পাঁচ কিলোমিটার ও ধলঘাটার সাত কিলোমিটার বেড়িবাঁধ। বিশেষ করে মাতারবাড়ীর রাজঘাট এলাকার দুই কিলোমিটার বেড়িবাঁধ সাগরে বিলীন হয়ে যাওয়ায় তিন শতাধিক ঘরবাড়ি হুমকির মুখে পড়েছে। এ ছাড়া মাতারবাড়ী বিসিক এলাকা, মাতারবাড়ীর পশ্চিমে তিন কিলোমিটার বেড়িবাঁধ ও ধলঘাটা ইউনিয়নের পূর্বপাশে সাপমারার ডেইল, ধলঘাটার দক্ষিণে প্রায় সাত কিলোমিটার অরক্ষিত বেড়িবাঁধ দুই বছর ধরে সংস্কারের অভাবে পড়ে আছে। তাই দুর্যোগের হুমকিতে আছে দুই ইউনিয়নের লক্ষাধিক মানুষ।স্থানীয় ধলঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহসান উল্লাহ জানান, ধলঘাটার দক্ষিণ ও পূর্ব দিকের প্রায় সাত কিলোমিটার বাঁধ সংস্কার না হওয়ায় দুর্যোগের হুমকিতে আছে এই এলাকার ৪০ হাজার মানুষ। জরুরি ভিত্তিতে বাঁধ সংস্কার না করলে বর্ষা মৌসুমে এ এলাকায় কেউ বসবাস করতে পারবে না। কিন্তু বাঁধ সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, আইলায় ভেঙে যাওয়া বাঁধ সংস্কার না হওয়ায় দুর্যোগের হুমকিতে আছে এই এলাকার ৬০ হাজার মানুষ। কক্সবাজার পাউবোর উপসহকারী প্রকৌশলী কাজী নজরুল ইসলাম বলেন, দুই ইউনিয়নের প্রায় ১২ কিলোমিটার অরক্ষিত বাঁধ সংস্কারের জন্য প্রায় তিন কোটি টাকা বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। বরাদ্দ পেলেই সিসি ব্লক দিয়ে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণ করা হবে।