মহেশখালীতে মাইকিং
কক্সবাজারের মহেশখালী উপজেলার পাঁচটি ইউনিয়নে গতকাল রোববার মাইকিং করে পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনকে সরে যেতে বলা হয়েছে। ভারী বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসে দুজনের মৃত্যুর পর পাহাড়ধসের আশঙ্কায় এই মাইকিং করা হয়। সূত্র জানায়, মাইকিং করার পরও তেমন সাড়া মিলছে না। এতে ভারী বৃষ্টিতে যেকোনো সময় পাহাড়ধসে প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে কয়েক দিন ধরে দফায় দফায় ভারী বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে গত শনিবার রাত ১১টার পর থেকে একটানা ভারী বৃষ্টি শুরু হলে পাহাড়ধসের আশঙ্কা দেখা দেয়। পরে চট্টগ্রামে পাহাড়ধসে দুজনের মৃত্যুর খবরে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরত লোকজনকে সরিয়ে নিতে প্রশাসন তৎপর হয়ে ওঠে।সূত্র জানায়, উপজেলার হোয়ানক, বড় মহেশখালী, কালারমারছড়া, শাপলাপুর ও ছোট মহেশখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড়ের পাদদেশে বসবাসরত লোকজনকে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়। গতকাল দুপুরে কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়া এলাকায় পাহাড়ের পাদদেশ থেকে অন্তত ৫০টি পরিবারকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলে জানান ইউপি সদস্য আবুল কালাম। মহেশখালীর ইউএনও মোহাম্মদ আনোয়ারুল নাসের বলেন, সোমবার ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসরত লোকজনকে সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে বাধ্য করা হবে।