
ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারের মহেশখালীতে ১২টি পশুর হাট বসেছে। ঈদকে সামনে রেখে এই বাজারগুলোতে পশু বেচাকেনা জমে উঠেছে। মাঝারি ও ছোট আকারের গরুর ক্রেতাই বাজারে বেশি। টোলমুক্ত হওয়ায় পৌরসভার পশুর হাটটি বেশি জমেছে।
পৌরসভার পশুর হাটটি বসেছে লামার বাজারে। টোলমুক্ত হওয়ায় এই হাটে দূর-দূরান্ত থেকে ক্রেতা-বিক্রেতারা ভিড় জমিয়েছেন।
গতকাল বুধবার বিকেলে পৌরসভা হাটে গিয়ে কালো রঙের বড়সড় এক গরুকে ঘিরে উৎসাহী দর্শনার্থীদের দেখা গেল। ২০ কিলোমিটার দূর থেকে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া থেকে গরুটি নিয়ে হাটে এসেছেন জাফর আলম নামের এক ব্যাপারী। গরুটির দাম তিনি হাঁকছেন ৫ লাখ ২০ হাজার টাকা। কিন্তু বুধবার বিকেল পর্যন্ত গরুটির দাম ওঠে ৩ লাখ টাকা। গরুর ব্যাপারী জাফর আলম বলেন, গত বছর এই গরুটি তিনি ১ লাখ ৭০ হাজার টাকা দিয়ে কিনেছেন। এক বছর ধরে ওই গরুর পেছনে অনেক শ্রম ও অর্থ খরচ করেছেন। চার লাখ টাকার নিচে গরুটি বিক্রি করা সম্ভব হবে না।
ক্রেতারা বলছেন, গতবারের তুলনায় এবার গরুর দাম বেশি চাইছেন বিক্রেতারা। সে কারণে বড় গরু কেনার ইচ্ছে থাকলেও সেটি সম্ভব হচ্ছে না। বিক্রেতারাও বলছেন, বাজারে ছোট ও মাঝারি গরুর ক্রেতাই বেশি।
সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে গতকাল পৌরসভা বাজারে এসে গরু কেনেন কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকার বাসিন্দা আবদুল গফুর। তিনি বলেন, বড় গরু কেনার ইচ্ছে নিয়ে বাজারে এসেছিলেন। কিন্তু দাম বেশি হওয়ায় ৭০ হাজার টাকা দিয়ে মাঝারি আকারের গরু কিনে বাড়ি ফিরছেন।
ছোট মহেশখালী ইউনিয়ন থেকে আসা মজিবুর রহমান নামের আরেক ক্রেতা বলেন, টোলমুক্ত হওয়ায় পৌরসভার বাজারে অন্য বাজারের তুলনায় কিছুটা কম দামে গরু পাওয়া যাচ্ছে।
মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া বলেন, ক্রেতাদের সুবিধার্থে প্রতিবারের মতো টোলমুক্ত কোরবানির পশুর হাট বসানো হয়েছে। গত মঙ্গলবার থেকে পশুর হাট জমে উঠেছে।
পৌরসভা ছাড়াও উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার, হোয়ানকের টাইম বাজার, শাপলাপুর উচ্চবিদ্যালয় মাঠ, মাতারবাড়ী উচ্চবিদ্যালয় মাঠ, ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠ ও কালারমারছড়া সরকারি প্রাথমিক মাঠে জমে উঠেছে কোরবানির পশুর হাট। হাটগুলোতেও ছোট ও মাঝারি গরুর ক্রেতা বেশি দেখা গেছে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম প্রথম আলোকে বলেন, পৌরসভার হাটটি টোলমুক্ত। এটি ছাড়া বাকি পশুর হাটগুলোতে ইজারাদারেরা অতিরিক্ত টোল আদায় করছেন কিনা, তা প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। সবগুলো হাটে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।